২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের

চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ই-মেইলেও পাঠাতে হবে।

ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাব আহ্বান এনবিআরের

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 07:50 PM

Updated : 28 Jan 2024, 08:19 PM

২০২৪-২৫ অর্থবছরে একটি অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করদাতাবান্ধব বাজেট প্রণয়নের জন্য বাজেট প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাব লিখিত আকারে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সুষম, গণমুখী এবং ব্যবসা ও করদাতাবান্ধব একটি বাজেট প্রণয়নে সহায়তার লক্ষ্যে দেশের চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব এফবিসিসিআইয়ের কাছে লিখিতভাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি প্রস্তাবের একটি কপি ই-মেইলে (nbrbudget2024@gmail.com) এনবিআরের প্রথম সচিব (মূসক) এস এম সোহেল রহমানের কাছেও পাঠাতে বলা হয়েছে।

যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

“আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।