আশা ধরে রেখেছে রেমিটেন্স
অগাস্টে দেশে এসেছে ২ দশমিক ০৩ বিলিয়ন ডলারের রেমিটেন্স, যা গত বছরের অগাস্টের চেয়ে ১২.৫৮ শতাংশ বেশি।
ডলার সংকটের এই সময়ে আশা বাঁচিয়ে রেখেছেন প্রবাসীরা; জুলাই মাসের পর অগাস্টেও রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি বেড়েছে।
অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টের ৩১ দিনে রেমিটেন্স হিসেবে দেশে এসেছে ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা গত বছরের অগাস্টের চেয়ে ১২ দশমিক ৫৮ শতাংশ বেশি। ওই মাসে ১ দশমিক ৮১ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছিল।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২০১ কোটি ৬৯ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা, যা ছিল আগের ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ। আগের বছরের জুলাইয়ের তুলনায় প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশের মত।
কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার রেমিটেন্স প্রবাহের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে অগাস্ট মাসে ব্যাংকিং চ্যানেলে দৈনিক গড়ে ৬ কোটি ৫৭ লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যেখানে আগের মাস জুলাইয়ে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছিল ৬ কোটি ৭৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
“প্রবাসীদের কোনো কাগজপত্র লাগছে না এখন। বাজারে ডলারের দর বেশি পাওয়ায় তারা চেষ্টা করছেন খরচ কম করে দেশে বেশি অর্থ পাঠানোর।
“আর হুন্ডি নিরুৎসাহিত করতে ৩০টি ব্যাংকের এডি শাখা বৃদ্ধির প্রক্রিয়া চলছে। এডি শাখা বাড়লে ডলার ক্রয়-বিক্রয় আরো সহজ হবে। এসব বিষয় রেমিটেন্স প্রবাহ বাড়াতে ভূমিকা রেখেছে।”
২০২১-২২ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আগের বছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ কমে ২ হাজার ১০৩ কোটি ডলার হয়।
২০২০-২১ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২ হাজার ৪৭৮ কোটি ডলার; প্রবৃদ্ধি ছিল ৩৬ দশমিক ১ শতাংশ।
সরবরাহ সংকটে ডলারের দাম বেশ কয়েক মাস ধরেই বাড়ছে। ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলা বাজারেও ডলারের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।
ব্যাংকে ডলারের দর গত মাসে ১০৯ টাকায় উঠেছিল। তা কিছুটা কমে এখন ১০৬-১০৭ টাকা টাকায় লেনদেন হচ্ছে। অথচ এক বছর আগেও ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকার মত।
খোলা বাজারে ডলারের বিনিময় হার ১২১ টাকা পর্যন্ত উঠেছিল, যা বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১১২ টাকায়।
এ প্রেক্ষাপটে ডলার সংগ্রহে ব্যাংকগুলো বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে বেশি দরে বিদেশি মুদ্রা কিনছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে।
তবে ডলারের দর বাড়ায় বেড়ে গেছে আমদানি খরচ। তাতে বাংলাদেশের বৈদিশক মুদ্রার রিজার্ভের উপর চাপ তৈরি হয়েছে।
৩১ অগাস্ট কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ডে ছিল ৩৯ বিলিয়নে। ২০২১ সালের অগাস্টে রিজার্ভ রেকর্ড ৪৮ দশমিক ০৬ ডলারে পৌঁছেছিল।
