কর-জিডিপি অনুপাত বাড়াতে নতুন উৎসের খোঁজে এনবিআর
“ব্যবসায়ীদের কর ছাড় সুবিধা নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার সক্ষমতায় যেতে হবে,” বলেন এনবিআর চেয়ারম্যান।
কর ও জিডিপির অনুপাত বাড়াতে নতুন নতুন খাতকে উৎস হিসেবে করের আওতায় আনতে খোঁজ শুরুর কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
রোববার আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, ‘‘এতদিন কিছু খাতকে কর ছাড় সহায়তা দেওয়া হয়েছিল। এ সুবিধা আজীবন থাকবে না। এরমধ্যে যাদের কর দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে তাদের করের আওতায় আনা হবে। কর আদায় বাড়াতে নতুন উৎস হিসেবে তাদের খুঁজছে এনবিআর।’’
কয়েকটি খাতে শুল্ক সুবিধা তুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মোটরসাইকেল, মোবাইলসহ কয়েকটি পণ্য আমদানির পরিবর্তে দেশে সংযোজন শিল্পে করছাড়ের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। তাদের এ ছাড় সুবিধা দেওয়া হয়েছিল যেন শিল্পটি দ্রুত উৎপাদন পর্যায়ে চলে যায়। কিন্তু অনেকেই তা করছে না। এজন্য এসব খাতে কর আরোপ হতে পারে।
কর ছাড় পাওয়া মোবাইল খাত এখন কর দেওয়ার সক্ষমতায় চলে এসেছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেজা, বেপজা, বিডা, হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও কয়েকটি বাণিজ্য সংগঠনের সঙ্গে রোববার দিনব্যাপী দুই পর্বে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
গত ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রাক বাজেট আলোচনা চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত।
বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা চায় বিডা
বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বেশকিছু শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা বলেন।
অনাবাসি বাংলাদেশিদের বেলায় ব্যক্তি আয়ের ওপর প্রযোজ্য উৎসে কর ২০ শতাংশের পরিবর্তে ৫ থেকে ১০ শতাংশ করা এবং আগাম কর শূন্যে নামিয়ে আনার উদ্যোগ গ্রহণের প্রস্তাব করেন তিনি।
আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা এক সময় রপ্তানির জন্য অনেক কিছুই করেছি, বিদেশিদের খুশি করার চেষ্টা করেছি। এখন দেশি শিল্প ও সামষ্টিক অর্থনীতির দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা আগের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করব, দেখব যে কোথায় কোথায় আর সাপোর্ট দরকার নেই।”
ডলারের বিকল্পে রুপি ও ইউয়ান
ভারত ও চীন থেকে পণ্য আমদানিতে ডলারের বিকল্প হিসেবে ভারতীয় রুপি ও চীনের ইউয়ান দিয়ে দাম পরিশোধের ন্যূনতম সীমা বেঁধে দেওয়ার দাবি করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি(বিসিসিসিআই)।
আইবিসিসিআই সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ যুক্তি তুলে ধরে বলেন, ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকে। এর মধ্যে অন্তত দুই বিলিয়ন ডলার যদি ভারতীয় রুপি দিয়ে পরিশোধ করা হয় তাহলে ডলারের উপর থেকে চাপ কিছুটা কমবে বিদ্যমান পরিস্থিতিতে।
টাকা-রুপিতে লেনদেন করতে ভারতও রাজি হয়েছে বলে জানান তিনি।
এসময় বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মূর্তজা বলেন, বছরে অন্তত ৫ বিলিয়ন ডলারের পণ্য চীনা মুদ্রা ইউয়ান দিয়ে পরিশোধ করলে ডলারের উপর চাপ কমবে। যদিও কিছু ব্যাংক এখন পরীক্ষামূলকভাবে এটি করছে জানিয়ে তিনি বলেন, এর পরিমাণ আরও বাড়ানো যেতে পারে। যদি এনবিআর এ বিষয়ে বাজেটে নীতিমালা দেয় তাহলে বাণিজ্য ঘাটতিও কমে যাবে।
দুই কর পদ্ধতিতে আসছে না সুফল: বিল্ড
বাংলাদেশের কর ও জিডিপির অনুপাত বর্তমানে ৭ দশমিক ৮ শতাংশ জানিয়ে বিজনেস ইনিশিয়াটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিইউআইএলডি-বিল্ড) বলছে, এলডিসি থেকে উত্তরণের পর এই অনুপাত বাড়াতে হবে। তখন আন্তর্জাতিক নিয়ম মেনে আমদানি পর্যায়ে শুল্ক বিদ্যমানের চেয়ে কমিয়ে আনতে হবে-যা সরকার ইতোমধ্যে গ্রহণ করেছে।
কর জিডিপি অনুপাত বাড়াতে এনবিআরের নেওয়া উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে না মূলত আধুনিক ও পুরনো পদ্ধতির মিশেলে কর আদায় করায় বলে সভায় জানানো হয়।
নতুন বাজেটে অর্ন্তভূক্তির জন্য একগুচ্ছ প্রস্তাব দিয়ে সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম লিখিত প্রস্তাবে বলেন, তৈরি পোশাক খাতের মতো অন্যান্য বাণিজ্যি সংগটনের জন্য ইউডি অনুমোদনের সুযোগ দেওয়া যেতে পারে।
আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, আইএমএফের মতো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও আমাদের উপর চাপ রয়েছে কর আদায় বাড়ানোর। মধ্যম আয়ের দেশে যেতে আমাদেরও প্রস্তুতি নিতে হবে। ব্যবসায়ীদের কর ছাড় সুবিধা নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার সক্ষমতায় যেতে হবে। সার্বিকভাবে আর কর ছাড় সুবিধা দেওয়া সম্ভব নয়। এখন খাতভিত্তিক প্রয়োজন অনুযায়ী কর ছাড় সুবিধা পাবেন উদ্যোক্তারা।
বৈদ্যুতিক গাড়ির পৃথক কর দাবি
দেশে বৈদ্যুতিক মোটরসাইকেল ও যেকোনো ধরনের গাড়ি (কার, ট্র্যাক) যন্ত্রাংশ আমদানি করে সংযোজন ও আমদানিতে পৃথক শুল্ক নীতিমালার দাবি করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।
সংগঠনটি সব ধরনের বৈদ্যুতিক যানবাহন আমদানিতে ৩৭ শতাংশ শুল্ক পুরোপুর প্রত্যাহার না হলেও এ খাতের বিকাশে কমিয়ে আনার প্রস্তাব করেছে।
করমুক্ত সীমা বাড়ানোর দাবি
নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাদিয়া বিনতে আমিন নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাত লাখ টাকা করার আহ্বান জানান। প্রতি মাসে আয়কর রির্টান জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে তা অর্ধবার্ষিক বা বার্ষিক করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করা হয়।
কর রেয়াত সুবিধা চায় বেপজা
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তৈরি পোশাক রফতানি খাতের সঙ্গে প্রযুক্তি পণ্য ও অপ্রচলিত পণ্য রফতানিতে আগামী ১২ বছরের জন্য কর রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে এনবিআরের কাছে।
শুল্কমুক্ত সুবিধায় নির্মাণসামগ্রী, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম, সোলার সিস্টেম আমদানিতে শুল্কছাড় চেয়েছে সংস্থাটি।
তামাকপণ্যে দাম বাড়ানোর প্রস্তাব
সব ধরনের তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।
স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক পণ্যে শুল্ক হার বাড়িয়ে বিদ্যমান কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন সংগঠনের সদস্যরা।
সভায় আত্মা’র পক্ষ থেকে জানানো হয়, তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ৯ হাজার ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে এবং ৪ লাখ ৮৮ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৪ লাখ ৯২ হাজার তরুণ জনগোষ্ঠির অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।
তামাকের মত স্বাস্থ্য হানিকর পণ্যের দাম কার্যকরভাবে বাড়িয়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব বলেও সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয়।
এসময় এনবিআর চেয়ারম্যান এ সংগঠনের প্রস্তাবগুলোকে যুক্তিসংগত উল্লেখ করে তা পর্যালোচনার কথা জানান।
সভায় সংগঠনের সদস্য সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, মর্তুজা হায়দার লিটন, নাদিরা কিরণ, দৌলত আক্তার মালা, মিজান চৌধুরী অংশ নেন।
