২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের ক্ষমতা বেড়েছে, লক্ষ্য অর্জিত হবে: অর্থমন্ত্রী

নতুন বাজেটে প্রস্তাবিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা বাড়ায় তা অর্জনযোগ্য বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 06:35 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

সোমবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশলের নিয়ে এনবিআরের সম্মেলনকক্ষে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী। তবে আমার বিশ্বাস, এনবিআর অবশ্যই পারবে। কারণ তাদের সক্ষমতা অনেক বেড়েছে। জনবল ১৩ হাজার থেকে গত ৬ বছরে বাড়িয়ে ২২ হাজার করা হয়েছে। আধুনিক অনেক ব্যবস্থা এনবিআরে যোগ হয়েছে।”

বর্তমানে ১১ লাখ মানুষ আয়কর বিবরণী দাখিল করেন উল্লেখ করে তিনি বলেন, এটা দ্বিগুণ করা সম্ভব। রাজধানী ঢাকার বাইরেও কর দেওয়ার মতো অনেক লোক রয়েছে। ফলে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন সম্ভব।

অর্থমন্ত্রী বলেন, “আমরা সাহস নিয়ে বড় বাজেট বানিয়েছি। রাজস্ব আয়ের বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে যারা রাজস্ব সংগ্রহ করেন, তাদের সঙ্গে আলোচনা হয়নি। তাদের সাথে আলোচনার করার জন্য আজকের এই সভা।”

এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, “আমি যে ধাক্কা দেওয়ার কথা বলেছি, সেটা আমার নিজের অফিসের উপর, আমার লোকজনের ওপর ধাক্কা দেওয়ার কথা বলেছি।”

২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরকেব এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা আদায় করতে হবে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।  

রাজস্ব আয়ের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা ‘অর্জনের সম্ভাবনা খুব কম’ এবং ‘উচ্চাভিলাষী’ লক্ষ্য অর্জন প্রধান চ্যালেঞ্জ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহল।

চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার এনবিআরের মাধ্যমে এক লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে এক লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ হিসাবে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ৯২ হাজার ৭২৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর ।

সভায় এনবিআরের পক্ষ থেকে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনের জন্য আয়কর, শুল্ক ও ভ্যাট খাতে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে- মনিটরিং বাড়ানোর জন্য স্বতন্ত্র কর অঞ্চল গঠন, ই-পেমেন্ট ও ই-ফাইলিং সহজীকরণ, উপজেলা পর‌্যায়ে কর মেলা করা, মোবাইল ফোন ও সিগারেটের ওপর কর আদায় জোরদারকরণ, কর মামলা ও বিকল্প বিরোধ মামলা দ্রুত নিষ্পত্তিকরণ, উৎসে আয়কর কর্তনে নিবিড় মনিটরিং, আমদানি পর‌্যায়ে মিথ্যা ঘোষণা ন্ধ ও পণ্যের দাম নির্ধারণের অবমূল্যায়ন রোধে ব্যবস্থা নেওয়া, পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস নিশ্চিত করা, প্রতিটি কাস্টম হাউজে পোস্ট ক্লিয়ারিং অডিট টিম গঠন ও গোয়েন্দা কার‌্যক্রম বাড়ানোর বিষয়ে পরামর্শ দেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা।

সভায় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।