বিআইডিএসে নতুন মহাপরিচালক
ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ তিন বছরের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক পদে নিয়োগ পেলেন।
বৃহস্পতিবার সংস্থার পরিচালনা পর্ষদের সভায় তার চুক্তিভিত্তিক নিয়োগের এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
বর্তমান মহাপরিচালক মুস্তফা কে মুজেরীর স্থলাভিষিক্ত হতে যাওয়া সৈয়দ মুরশিদ অধ্যাপক প্রয়াত খান সারওয়ার মুরশিদের ছেলে। মুজেরীর মেয়াদ আগামী মার্চে শেষ হবে।
সৈয়দ মুরশিদ বিআইডিএসের মহাপরিচালক হিসেবে আগামী এপ্রিলে দায়িত্ব নেবেন। তিনি বর্তমানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর স্বতন্ত্র পরামর্শক হিসেবে কম্বোডিয়ায় কর্মরত।
তিনি তার আগে বিআইডিএসেই গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ
সৈয়দ মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে ডিপ্লোমা ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে বহু জার্নালে তার গবেষণা প্রকাশিত হয়েছে।
বিআইডিএস পরিচালনা পর্ষদের বৃহস্পতিবারের সভায় সরকারি এই সংস্থাটিতে যারা অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে রয়েছেন, তাদের চাকরি অচিরেই স্থায়ী করার সিদ্ধান্ত হয়। প্রয়োজনীয় সংখ্যক নতুন পদ তৈরি করা হবে বলেও সভায় জানানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়েছে, বিআইডিএস এখন থেকে এমন বাস্তবভিত্তিক গবেষণা পরিচালনা করবে যা অর্থনীতিতে দৃশ্যমান অবদান রাখবে। এ কাজটি করার জন্যে খুব শিগগিরই বিআইডিএস তার গবেষণা ক্ষেত্র চিহ্নিত করে একটা স্থায়ী পরিকল্পনা গ্রহণ করবে।
পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সংগতি রেখে বিআইডিএস এ গবেষণা কাজ সম্পাদনা করবে। বাংলাদেশের জন্য বাস্তবধর্মী কী কী গবেষণা ক্ষেত্র আছে, তা ঠিক করে এ সংক্রান্ত প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এ বছর মার্চের মধ্যেই নির্ধারণ করতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, “আমরা চাই, বিআইডিএসকে সেন্ট্রার অব এক্সিলেন্স বানাতে। আমাদের লক্ষ্য বিআইডিএস-এর গবেষণা লব্ধ ফলাফল আমাদের দেশের হাওর-বাওড় এলাকা, নদী ভাঙন এলাকা, উপকূলীয় এলাকা, দুর্যোগপূর্ণ এলাকা ও পাহাড়ি এলাকাসহ সব প্রান্তিক এলাকার বসবাসরত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তিতে কাজে লাগানো যাবে।”
বিআইডিএসকে আর্থ-সামাজিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের প্রথম সারির ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে একটি বানানো হবে বলে ঘোষণা দেন মন্ত্রী।
