৭ মাসে এডিপির ৩২% বাস্তবায়ন
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩২ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এডিপি বাস্তবায়নের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৩১ শতাংশ।
মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে এডিপির ৩২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ মোট ৮৬ হাজার কোটি টাকার এডিপির মধ্যে জানুয়ারি পর্যন্ত ২৭ হাজার ১৬৩ কোটি টাকা খরচ হয়েছে।
গত অর্থবছরের একই সময়ে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকার এডিপির ২২ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয় হয়েছিল।
গত কয়েক বছরের মতো এবারও বছর শেষে এডিপি বাস্তবায়নের হার ‘শতভাগের’ কাছাকাছি যাবে বলে আশা প্রকাশ করেন মুস্তফা কামাল।
তিনি বলেন, “যে সব মন্ত্রণালয়/বিভাগ তাদের জন্য বরাদ্দকৃত অর্থের যে অংশ নির্দিষ্ট সময়ে ব্যয় করতে পারবে না সেই অর্থ অন্য খতে বরাদ্দ দেওয়া হবে।”
সেজন্য যে সব মন্ত্রণালয় তাদের বরাদ্দের অর্থ খরচ করতে পারবে না, তা দ্রুত পরিকল্পনা কমিশনকে জানাতে বলেছেন মন্ত্রী।
প্রথমার্ধ্বে এডিপি বাস্তবায়নের হার কম থাকার আগের নজির তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, “অর্থবছরের প্রথম তিন মাস বন্যা-বৃষ্টি থাকে। তেমন কাজ হয় না। আর ঠিকাদাররা বছরজুড়ে যে কাজ করেন, তার সব বিল জমা দেন বছরের শেষের দিকে। সে কারণেই বছরের শেষে বাস্তবায়নের হার বেশি হয়।”
বাংলাদেশের ইতিহাসে কোনোবারই মূল এডিপির পুরোটা বাস্তবায়িত হয়নি। এমনকি সংশোধিত এডিপির পুরো অর্থও ব্যয় করতে পারেনি কোনো সরকার।
প্রতিবারই বছরের শেষের দিকে এসে এডিপি কাটছাঁট করে কমানো হয়। এবারও সে প্রক্রিয়া শুরু করেছে পরিকল্পনা কমিশন।
গত ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।
