২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসে এডিপির ২৮ শতাংশ বাস্তবায়ন

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে। তবে অর্থবছর শেষে এই হার শতভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:23 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থ্যাৎ জুলাই-ডিসেম্বর সময়ে ২৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

অর্থ্যাৎ মোট ৮৬ হাজার টাকার এডিপির মধ্যে ডিসেম্বর পর্যন্ত ২৩ হাজার ৭৪৪ কোটি ৫৭ লাখ টাকা খরচ হয়েছে।

গত অর্থবছরের একই সময়ে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকার এডিপির ২৫ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।

ছয় মাসে এক-চতুর্থাংশ বাস্তবায়নের মধ্যে বাংলাদেশে ফের রাজনৈতিক সংঘাত দেখা দিলেও তা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় হবে বলে মনে করেন না পরিকল্পনামন্ত্রী।   

“বাংলাদেশের অর্থনীতি অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে। এক মিনিটের জন্যও আমাদের আর কেউ পেছনের দিকে নিতে পারবে না। রাজনৈতিক-সামাজিক যে কোনো অস্থিরতা মোকাবেলা করে আমরা এগিয়ে যাব।”

“এবার আমি শতভাগ এডিপি বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। রাবার দিয়ে মুছে নয়, কম্পিউটারে ক্লিক করে নয়, যথাযথভাবে বাস্তবায়ন করেই এই শতভাগ পূরণ করব,” ঘোষণা দেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে কখনোই এডিপির ১০০ শতাংশ বাস্তবায়িত হয়নি। প্রতিবারই বছরের শেষের দিকে এসে এডিপি কাটছাঁট করে কমানো হয়। সেই সংশোধিত এডিপির পুরোটাও আবার বাস্তবায়ন হয় না। গত অর্থবছরে সংশোধিত এডিপির ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মুস্তফা কামাল বলেন, শতভাগ এডিপি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে।

আগের বছরগুলোর নজির তুলে ধরে তিনি বলেন, প্রথমার্ধে এডিপি বাস্তবায়নের হার সব সময়ই কম থাকে।

“অর্থবছরের প্রথম তিন মান বন্যা-বৃষ্টি থাকে, তেমন কাজ হয় না। আর ঠিকাদাররা বছরজুড়ে যে কাজ করেন, তার সব বিল জমা দেন বছরের শেষের দিকে। সে কারণেই বছরের শেষে বাস্তবায়নের হার বেশি হয়।”

প্রবৃদ্ধি ৭ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা দিয়ে বছর শুরু হলেও চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে বলে আশাবাদী মুস্তফা কামাল।

এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “গত ৬ মাসের অর্থনৈতিক সূচক যেভাবে এগুচ্ছে তাতে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমরা যে ৬ শতাংশে আটকে অছি; এবার সেটা থেকে বের হয়ে আসতে পারব। বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, এডিবি যে পূর্বাভাসই দিক না কেন, এবার ৭ শতাংশের কম প্রবৃদ্ধি হবে না।”

চলতি অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে বিনিয়োগ না বাড়লে তা অর্জিত হবে না বলে সংশয় প্রকাশ করে আসছেন অর্থনীতি বিশ্লেষকরা। অর্থমন্ত্রীও বিনিয়োগ নিয়ে হতাশ।  

বাংলাশে ব্যাংক জুলাই-ডিসেম্বরের মুদ্রানীতিতে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আভাস দিয়েছিল। বিশ্ব ব্যাংক বলেছে, প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ। এডিবি পূর্বাভাসে এই অঙ্ক ৬ দশমিক ৪ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রায় এক দশক ধরে আমরা ৬ ভাগ জিডিপি প্রবৃদ্ধিতে আটকে আছি। গত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১০  শতাংশের বেশি। গত নভেম্বর ও ডিসেম্বর মাসে রপ্তানি আয় হয়েছে ৫ মিলিয়ন ডলার। এভাবে চলতে থাকলে অর্থ বছর শেষে ৩৩ বিলিয়ন রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

“ফলে আমরা আশা করছি ৩ বছর জিডিপি প্রবৃদ্ধি ৭ ভাগ হবে।”

খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে

সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যও প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।

তিনি জানান, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) সর্বশেষ ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ১১ শতাংশে নেমে এসেছে। নভেম্বরে এ হার ছিল ৬ দশমিক ২১ শতাংশ।

খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের ৬ দশমিক ৪৪ শতাংশ থেকে  ৫ দশমিক ৮৬ শতাংশে নেমেছে। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৫ দশমিক ৮৪ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৪৮ শতাংশে উঠেছে।

এ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং খাদ্য পণ্যের দাম কমায় মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই নিম্নমুখী। চাহিদার তুলনায় জোগান বেশি হওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।