২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা গভর্নরের’ পুরস্কার নিলেন আতিউর

প্রবৃদ্ধি বা অর্থনীতির সঙ্গে আপস না করে পরিবেশবান্ধব ও সমাজ সচেতন উন্নয়নে পুঁজির প্রবাহ বাড়ানোর স্বীকৃতি হিসেবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 12:27 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

এশিয়ার ‘সেরা গভর্নর’ আতিউর

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে লন্ডনভিত্তিক ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের সহযোগী অর্থবিষয়ক সাময়িকী ‘দি ব্যাংকার’ এর প্রধান সম্পাদক ব্রায়ান ক্যাপলেন আনুষ্ঠানিকভাবে আতিউর রহমানের হাতে পুরস্কারটি তুলে দেন।

পুরস্কার নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিউর রহমান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  জানান, তিনি এই পুরস্কার উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পাশাপাশি বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে নাম জানা, না জানা সব শহীদদের।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে বহাল করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানান আতিউর রহমান।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি বাংলাদেশের আর্থিক খাতে সামাজিক ও পরিবেশবান্ধব অর্থায়নের তাগিদ অনুভব করি। এজন্যে বিবিধ অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব অর্থায়নে আর্থিক খাতকে উদ্বুদ্ধ করি। যাতে স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির পরিমিতি নিশ্চিত রেখেও টেকসই প্রবৃদ্ধি জোরদার করা যায়।

“এই কৌশলের ফলে সারাবিশ্বে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দাভাব চলছে তখন বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাত অনেকটাই স্থিতিশীল রয়েছে।”

পুরস্কার নিয়ে রোববার দেশে ফিরবেন গভর্নর।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ‘নতুন ধারার কেন্দ্রীয় ব্যাংকিং : সামাজিক দায়বোধ প্রণোদিত অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

তাতে আলোচনায় অংশ নেন লন্ডন স্কুল অব ইকোনমিকসের এমেরিটাস অধ্যাপক লর্ড মেঘনাদ দেশাই, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার। এর সঞ্চালক ছিলেন দি ব্যাংকার এর এশিয়া অঞ্চলের সম্পাদক স্টিফানিয়া পালমা।

লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা দি ফাইন্যান্সিয়াল টাইমসের ব্যাংক ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ গত ৫ জানুয়ারি সোমবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আতিউরকে ২০১৫ সালের ‘সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার’ ঘোষণা করে।

তাকে মনোনয়নের বিষয়ে বলা হয়, “প্রবৃদ্ধি বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে কোনো আপস না করে পরিবেশবান্ধব ও সমাজসচেতন উন্নয়নে পুঁজি সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।”

এর আগে অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদানের জন্য সম্প্রতি ফিলিপিন্সের গুসি শান্তি পুরস্কার পেয়েছেন গভর্নর আতিউর। ২৬ নভেম্বর ম্যানিলায় তিনি ওই পুরস্কার গ্রহণ করেন।

২০০৯ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসাবে চার বছরের জন্য দায়িত্ব নেন আতিউর। এরপর তাকে আরও এক মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রাখার সিদ্ধান্ত জানায় সরকার। ২০১৬ সালের ২ অগাস্ট তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৫ সালে আতিউরের সঙ্গে এই স্বীকৃতি পেলেন পেরুর হুলিও ভেলারাদ, জর্জিয়ার জর্জি কাদাজিৎসে, ওমানের হাম্মুদ বিন সাঙ্গুর আল জাদজালি ও মোজাম্বিকের আর্নেস্তো গোভ। 

১৯২৬ সাল থেকে অর্থনীতিবিদ ও ব্যাংকারদের কাছে এই খাতের তথ্যের ভাণ্ডার হিসাবে পরিচিত ‘দ্য ব্যাংকার’ বর্তমানে ১৮০টিরও বেশি দেশে পঠিত। এর ভাণ্ডারে বিশ্বের বিভিন্ন অঞ্চলের চার হাজারের বেশি ব্যাংকের তথ্য সংরক্ষিত আছে।