অর্থনীতির হালচাল নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন মুহিত
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার দুপুর ১২টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএনপি জোটের ডাকা অবরোধের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হবেন অর্থমন্ত্রী।
মন্ত্রীর দিনের কার্যসূচিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থ-সামাজিক অগ্রযাত্রা এবং সামষ্ট্রিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান বিষয়ে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বিএনপি জোটের ডাকা অবরোধ-হরতালে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতি হচ্ছে বলে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলে আসছেন।
বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে খাতভিত্তিক প্রতিদিনের ক্ষতির হিসাবও তুলে ধরা হচ্ছে।
অর্থমন্ত্রীও বার বার ক্ষতির কথা বলছেন; আর যারা হরতাল-অবরোধ ডাকছে তাদের সমালোচনা করছেন।
একইসঙ্গে তিনি সংকট কেটে যাবে বলেও আশার কথা শুনিয়েছেন। কিন্তু তারপরও সহিংসতা থামছে না।
