২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ‘খোলা বাজার’ থেকে বিদ্যুৎ কেনার অনুমোদন

তৃতীয় পক্ষের মাধ্যমে ভারতের ‘খোলা বাজার’ থেকে ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ কেনার একটি প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

সরবরাহ ব্যবস্থায় ‘সিস্টেম লসের’ কারণে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের ঘাটতি মেটাতে প্রয়োজন অনুযায়ী দৈনিক ভিত্তিতে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে সরকারের এই উদ্যোগ।

এই বিদ্যুৎ কেনার জন্য ‘এজেন্ট’ হিসাবে কাজ করবে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনভিভিএন। ভারতের বিভিন্ন ছোট বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশকে সরবরাহ করবে।

প্রতি ইউনিট বিদ্যুতের জন্য দামের বাইরে কমিশন হিসাবে তারা নেবে শূন্য দশমিক শূন্য চার নয় (০.০৪৯৬৩৬) টাকা। আর বিদ্যুতের দাম নির্ভর করবে ভারতীয় বাজারের ওপর।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এজেন্টের মাধ্যমে দৈনিক ভিত্তিতে বিদ্যুৎ কেনার জন্য এক বছরের চুক্তি হবে।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম কেমন পড়বে জানতে চাইলে তিনি বলেন, “এই দাম সব সময় ওঠানামা করে। তবে ২০১৪ সালে সর্বনিম্ন দাম ছিল ১ দশমিক ৭১ রুপি, আর সর্বোচ্চ ৪ দশমিক ১৮ রুপি।”

২০১৩ সালের ৫ অক্টোবর থেকে ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। কিন্তু বিতরণ লাইনের সিস্টেম লসের কারণে ৩০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে।

ওই ঘাটতি পূরণের জন্যই ভারতের খোলা বাজার থেকে বিদ্যুৎ কেনার এই সিদ্ধান্ত।

এছাড়া ক্রয় কমিটির সভায় শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্টে ‘ডুয়েল ফুয়েল সিস্টেম’ সংযোজনের জন্য একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ২৬০ কোটি ৬৯ লাখ টাকা।

এলএনজি টার্মিনাল

মহেশখালীতে বহু প্রতীক্ষিত ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে সিঙ্গাপুরভিত্তিক অ্যাস্ট্রা অয়েল অ্যান্ড এক্সিলারেট কনসোর্টিয়ামের সঙ্গে অনুস্বাক্ষরিত চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

গতবছর ২৬ জুন অ্যাস্ট্রা অয়েলের সঙ্গে পেট্রোবাংলার ১৫ বছরের ওই চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী অ্যাস্ট্রা অয়েলকে টার্মিনাল নির্মাণ ও অন্যান্য খরচ হিসেবে প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্য শূন্য দশমিক ৪৭ ডলার করে দিতে হবে পেট্রোবাংলাকে। আমদানি করা গ্যাস ওই টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সব ঠিক থাকলে ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার এলএনজি ধারণ ক্ষমতার এ টার্মিনাল থেকে ২০১৬ সালের জুনের মধ্যে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

সভা শেষে অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের বলেন, “ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ২ বছর সময় লাগবে। স্থাপন হওয়ার পর স্থানীয় গ্যাসের মূল্যের সঙ্গে সমন্বয় করে এলএনজির দাম ঠিক করা হবে।”

পুরনো খবর:

এলএনজি টার্মিনালে এক ধাপ অগ্রগতি