বিদেশিদের সম্পদের তথ্য চাইতে আইন সংশোধন হচ্ছে
বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা ও বিদেশে তাদের সম্পত্তির তথ্য চাওয়ার বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন (সংশোধন) ২০১৫’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে আইনটি প্রয়োগের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা ছিল না। তবে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য কিনা সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে।
“খসড়ায় স্পষ্ট করা হয়েছে যে এ আইন বাংলাদেশি ও বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।”
খসড়ায় বলা হয়েছে, সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি ও অন্য দেশের নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা বা বৈদেশিক সিকিউরিটিজ সম্পর্কিত তথ্য এবং বিদেশে তাদের স্থাবর বা অন্য সম্পত্তির বিষয়ে তথ্য চাইতে পারবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এর মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য চাওয়ার ক্ষমতা আরো বৃদ্ধি করা হয়েছে।”
এই সংশোধনীর মাধ্যমে ‘কারেন্সি’, ‘সিকিউরিটিজ’, ‘এক্সচেঞ্জ’, ‘অ্যাকাউন্ট’ ‘ট্রানজেকশস’, ‘সার্ভিসেস’, ‘ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজেকশনস’, ‘গুডস’- এসব শব্দের সংজ্ঞাও হালনাগাদ করা হচ্ছে।
“কারেন্সি, এক্সপোর্ট-ইমপোর্ট গুডস এই শব্দগুলোর সংজ্ঞায় নন ফিজিক্যাল ধারণাটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইলেকট্রনিক ট্রানজেকশন যেন কভার হয়- সেজন্য এটি করা হয়েছে।”
আইন সংশোধন করে বাংলাদেশ ব্যাংককে প্রশাসনিক জরিমানা আরোপেরও ক্ষমতা দেওয়া হচ্ছে।
“যারা ফরেন এক্সচেঞ্জ এর অনুমোদিত ডিলার, তাদের কিছু শর্তে অনুমোদন দেওয়া হয়। তারা যদি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে; বাংলাদেশ ব্যাংক বা সরকারের নির্দেশনা যদি অনুসরণ না করে, তাহলে সেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা যাবে।”
তবে কী পরিমাণ জরিমানা বা শাস্তি হবে তা আইনের বিধি দিয়ে পরে ঠিক করা হবে বলে জানান সচিব।
সংশোধীত আইনে ব্যবসা-বাণিজ্যের ‘এজেন্ট’ হিসাবে কাজের জন্য লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে।
একইভাবে বিদেশি প্রতিষ্ঠানের শাখা অফিস বা লিয়াজোঁ অফিস স্থাপনের ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংককে জানানোর নিয়ম আর থাকবে না। বিনিয়োগ বোর্ডের অনুমোদন নিয়েই এ ধরনের অফিস চালু করা যাবে। এক মাসের মধ্যে বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈদেশিক মুদ্রা ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণের জন্য ১৯৪৭ সালে এ আইন করা হয়। পরে ১৯৭৬ ও ২০০৩ সালে আইনটি সংশোধন করা হয়।
এ আইনের আওতায় বিদেশি মুদ্রা ও মূল্যবান ধাতব আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের আকার বাড়ায় খসড়ায় বিদেশি মুদ্রা লেনদেনের ‘আকার ও প্রকার’ বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।
