২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বালি প্যাকেজের অগ্রগতি সন্তোষজনক নয়: সিপিডি

ইন্দোনেশিয়ায় ঘোষিত বিশ্ব বাণিজ্য সংস্থার বালি প্যাকেজের অগ্রগতি সন্তোষজনক নয় বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2014, 12:49 AM

Updated : 13 Oct 2022, 12:50 PM

সংস্থাটির মতে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নীতিমালা 'যথাযথভাবে না করার সমঝোতা'য় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি হচ্ছে না।

শনিবার বিকালে গুলশানে লেকশোর হোটেলে ‘রিক্যাপচারিং দ্য মমেনটাম ইন দ্য পোস্ট-বালি প্রোসেস অফ দ্য ডব্লিউটিও’ শীর্ষক সেমিনারে কথা বলেন সিপিডির সিনিয়র ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, "এলডিসিভুক্ত ৪৯টি দেশের মধ্যে ৩৪টি দেশ বালি প্যাকেজে অংশগ্রহণ করেছে। একবছরের মাথায় এর মধ্যে মাত্র ৮টি দেশের সামান্য অগ্রগতি হয়েছে।"

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রর মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ে  যে আলোচনা হয়েছে তা বালি প্যাকেজের অগ্রগতি তরান্বিত করবে বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিকল্প কিছু সংস্থা গড়ে উঠেছে। তার মাধ্যমেও স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি কিছুটা হলেও দেখা যাচ্ছে।”

সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি অর্থনীতিবিদ ও বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিরা।