২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি বন্ড ছাড়ার দায়িত্ব চায় গোল্ডম্যান স্যাকস

আন্তর্জাতিক বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস বিশ্ববাজারে বাংলাদেশের সার্বোভৌম বন্ড ছাড়ার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে গোল্ডম্যান স্যাকসের প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।  

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয়া গোল্ডম্যান স্যাকসের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির হংকং কার্যালয়ের কর্মকর্তা জনাথন ডান, পল এস রোদেস এবং লন্ডন কার‌্যালয়ের রিয়াদ ইউসূফ।

বৈঠকে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী মুহিত

বলেন, “তারা (প্রতিনিধি দল) বলেছে, বাংলাদেশ গুড টাইম পার করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড বাড়বে, তাতে বিদেশ থেকে ঋণ দরকার হবে। অপরদিকে  বিশ্ব অর্থনীতিও চাঙ্গা হচ্ছে। ফলে ঋণের সুদ হার বাড়তে পারে।

“এখন বন্ড ছাড়লে একটা সুবিধা পাওয়া যাবে। এজন্য বাংলাদেশ যদি বন্ড ছাড়তে চায় তাহলে তারা সহায়তা দিতে আগ্রহী। কমপক্ষে এডভাইজরি সার্ভিস দিতে চায়।”

অর্থমন্ত্রী বলেন, গোল্ডম্যান স্যাকসের প্রতিনিধিরা বাংলাদেশের বন্ড ছেড়ে বিশ্ববাজার থেকে ৫ বছর মেয়াদে ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার তুলে দিতে পারবে বলে জানিয়েছে। এর সুদ হার হবে ৭ থেকে ৯ শতাংশ। অবশ্য বাংলাদেশ সরকার চাইলে মোট অর্থের পরিমাণ ৫ বিলিয়ন এবং পরিশোধের সময় আরও দুবছর বাড়ানো যেতে পারে।

‘অল পারপাস লোন’ হলে তিন মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে জানিয়েছে প্রতিনিধি দল, বলেন মুহিত।

তিনি বলেন, “বিদেশ থেকে আমরা যে ঋণ নিচ্ছি তা মুলত সাপ্লাইয়ার্স ক্রেডিট। চীন, জাপান দিচ্ছে। আমরা নির্দিষ্ট জায়গা থেকে পণ্য নিচ্ছি। বন্ডের কিছু সুবিধা আছে। অনেক দেশই বন্ডে গেছে। এজন্য আমরা গত বছর বিষয়টি নিয়ে ভেবেছি। কিন্তু বিভিন্ন কারণে তা এগোয়নি। আমি এ বিষয়ে এ বছর আবার উদ্যোগ নেবো।”

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থসচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।