২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজেটে বড় পরিবর্তন আসছে না’

বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস হচ্ছে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 01:39 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার পাস হবে অর্থবিল। আর মূল বাজেট পাসের জন্য তোলা হবে রোববার।

এবার প্রস্তাবিত বাজেটের ওপর সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক আলোচনা হয়েছে দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের উন্নয়ন এবং বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আমি একটা গুড বাজেট দিয়েছিলাম।

“সবাই আমার বাজেটকে প্রশংসা করেছে। সমালোচনা যেটা এসেছে সেটা গতানুগতিক। এরা প্রতিবারই আমার সমালোচনা করে।”

মুহিত বলেন, “প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কোন পরিবর্তনের প্রস্তাব কোন মহল থেকেই আসেনি। সংসদ সদস্যরা দু-একটি বিষয়ে সংশোধন আনতে বলেছেন। সেগুলো বিবেচনায় আনা হবে। সে কারণেই বলছি, এবারের বাজেটে তেমন

কোনো পরিবর্তন আসবে না। ছোটো-খাটো কিছু বিষয়ে সংযোজন-বিয়োজন আসতে পারে।”

তবে সব কিছুই চূড়ান্তভাবে প্রধানমন্ত্রীর উপর নির্ভর করবে বলে জানান অর্থমন্ত্রী।

“প্রধানমন্ত্রী যে সব বিষয় সংযোজন-বিয়োজন করতে বলবেন সেগুলোই করা হবে,” বলেন আট বার বাজেট দেয়া মুহিত।

গত ৫ জুন অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেন ‘সামান্য কিছু সংযোজন-বিয়োজন’ করে ২৯ জুন, রোববার তা পাসের জন্য তোলা হবে। এর আগের দিন, শনিবার পাস হবে অর্থ বিল-২০১৪।

১ জুলাই থেকে শুরু হবে ২০১৪-১৫ অর্থবছরের নতুন বাজেট।

কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে- এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “এখনো কোনো কিছু ঠিক হয়নি। সিনিয়র সংসদ সদস্যরা মতামত দিয়েছেন। মন্ত্রিসভার সদস্যরা আলোচনা করেছেন। শনিবার প্রধানমন্ত্রী বাজেটের উপর বক্তৃতা দেবেন। তাতে যে সব বিষয়ে সংযোজন-বিয়োজন করতে বলবেন সেগুলো করা হবে।”

ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হবে কি না- এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “সব কিছুই নির্ভর করবে প্রধানমন্ত্রীর উপর।”

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা না বাড়িয়ে গত অর্থবছরের দুই লাখ ২০ হাজার টাকাই রাখা হয়েছে।

বাজেটের ওপর আলোচনায় অনেক সংসদ সদস্য মূল্যস্ফীতি বিবেচনায় রেখে এই সীমা বাড়ানোর দাবি করেছেন। ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও বাজেট পেশের আগ থেকেই এ সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, প্রথা অনুযায়ী শনিবার অর্থবিল পাশের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য রাখবেন। তারপর  অর্থমন্ত্রী বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেবেন এবং অর্থবিল পাশের জন্য উত্থাপন করবেন।

অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য এবং অর্থবিল পাসের আগে প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতার শেষে কিছু বিষয়ে সংশোধনী আনতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানান।

এরপর অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুরোধ আমলে নিয়ে ওই সব বিষয়ে সংশোধনী আনার প্রস্তাব করবেন।

মুহিত বলেন, “সংসদের বাইরেও প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন মহল থেকে আসা সুপারিশগুলো বিচার-বিশ্লেষণ করছি। তবে এটা বলতে পারি, বড় কোনো পরিবর্তন বাজেটে হবে না।”

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শুক্রবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন অর্থমন্ত্রীর মিন্টো রোডের বাসায় গিয়ে একান্ত বৈঠক করেছেন।

প্রতিবারই অর্থবিল পাশের আগে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রীর একান্ত বৈঠক হয়।

৫ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার এই বাজেট উত্থাপন করেন।