অর্থনৈতিক উন্নয়নে বীমা খাতকে গুরুত্বের আহ্বান
অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের বীমা খাতকে যথাযথ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানের আলোচক ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, “বীমা খাতকে সরকার কোনো গুরুত্ব দেয় না। ১০ থেকে ১৫ বছর ভারপ্রাপ্ত নিয়ন্ত্রক দিয়ে চালানো হয়েছে।
“এরপর সরকার একটি নিয়ন্ত্রক সংস্থা চালু করলেও আইন-কানুন যথেষ্ঠ নেই। যা আছে সেগুলো প্রয়োগের জন্য প্রয়োজনীয় বিধি-বিধান নেই।”
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আরো বলেন, “বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ-তে প্রয়োজনীয় জনবলের অভাব রয়েছে। যারা এই নিয়ন্ত্রক সংস্থায় কাজ করছেন তাদের বেতন-ভাতা নেই। দীর্ঘকাল ধরে বীমা খাতের কোনো মা-বাপ ছিলো না। এটা যেন শরীরের অ্যাপেন্ডিক্সের মতো।”
অনুষ্ঠানের সভাপতি বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেনও এর সঙ্গে একমত পোষণ করেন।
তিনি বলেন, “বীমা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত খাত। অথচ যে দেশের বীমা খাত গুরুত্ব পেয়েছে, সেই দেশ উন্নত হয়েছে। কিন্তু বাংলাদেশে বীমা খাতের যথাযথ কর্তৃপক্ষও নেই। একটি নিয়ন্ত্রক সংস্থা থাকলেও নানা কারণে সেটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না।”
শেখ কবির বলেন, “এ খাতে সরকারের নজর না থাকায় অনিয়মও বেশি হচ্ছে। বীমা খাতকে ঠিকমতো এগিয়ে নেওয়া গেলে সরকারের রাজস্ব আয় বাড়বে।”
বিআইএ সভাপতি আরো বলেন, “আমি নিশ্চিত নই যে প্রধানমন্ত্রীর গণভবন বা রাষ্ট্রপতি ভবনের বীমা আছে কি না। এমনকি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের অফিস যে ভবনে, তার বীমা আছে কি না তাও জানি না। কিন্তু এ ভবনগুলোর বীমা থাকা উচিৎ।”
‘দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনারটি রাজধানীর পল্টনে বিআইএ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য কুদ্দুস খান। সভাপতিত্ব করেন বিআইএ সভাপতি শেখ কবির হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন শিবলী রুবায়েত উল ইসলাম।
প্রস্তাবিত বাজেটে বীমার প্রিমিয়াম আয় ও কমিশন আয়ের ওপর ৫ শতাংশ হারে যে করারোপ করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানান উদ্যোক্তারা।
“সরকারের পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসতে হবে। আইন-কানুন পরিপালন করতে হবে।”
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, “আইডিআরএ করা হলেও, তার কোনো ক্ষমতা নেই। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা যেমন আইডিআরএ’রও তেমন ক্ষমতা থাকা উচিৎ। আশা করছি সরকার এ বিষয়ে মনোযোগী হবে।”
এফবিসিসিআই সভাপতি কৃষি ও স্বাস্থ্য বীমা চালুর পাশাপাশি সব খাতে বীমা বাধ্যতামূলক করার প্রস্তাব করেন।
সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান সামসুল আলম বলেন, “বীমা খাতে নতুন-নতুন পণ্য দরকার। যা সাধারণ মানুষকে বীমায় আকৃষ্ট করবে। একই সাথে অহেতুক আইন দূর করাও দরকার।”
জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মাদ সোহরাব উদ্দিন বলেন, “এদেশে বীমা খাতে জনসাধারণের জন্য আকর্ষণীয় কিছু নেই। নতুন নতুন পণ্য তৈরি করতে হবে।”
অন্যান্য বক্তারা জানান, ব্যাংকগুলো নতুন কোনো সেবা চালু করলে কেন্দ্রীয় ব্যাংক থেকে তার অনুমোদন নেওয়ার দরকার হয় না। অথচ বীমা খাতে কোনো নতুন সেবা চালু করতে হলে আইডিআরএ থেকে অনুমোদন নিতে হয়। এ ব্যবস্থা এ খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
