২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রশংসায় এডিবি প্রেসিডেন্ট

বিশ্বের দরবারের বাংলাদেশ এখন আর দুর্যোগপূর্ণ বা গরীব দেশ হিসেবে পরিচিত নয় বলে মনে করেন এশীয় উন্নয়ন ব্যাংকের সফররত প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 06:46 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

তিনি বলেছেন, “বাংলাদেশ এখন আর দুর্যোগপূর্ণ বা গরীব দেশ নয়। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক ইতিবাচক।”

রোববার রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে এডিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে নিজের ধারণা তুলে এডিবি প্রেসিডেন্ট।

তাকাহিকো সাংবাদিকদের বলেন, “এখানে ছোট-খাট যেসব রাজনৈতিক দ্বন্দ্ব বিরাজ করছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এদেশের রাজনীতিবিদরাই মিটিয়ে ফেলতে পারেন। এই দেশের গণতন্ত্র এখন এমন পর্যায়েই পৌঁছেছে।”

শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ম্যানিলা থেকে ঢাকায় আসার পর ইতিমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন তাকাহিকো নাকাও।

বৈঠকগুলোতে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের সফররত প্রেসিডেন্ট।

গত বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট হওয়ার পর তাকাহিকো নাকার এটাই বাংলাদেশে প্রথম সফর।

সোমবার তিনি তার নিজের সংস্থার অর্থায়নে বাস্তবায়িত পাঁচটি প্রকল্প পরিদর্শন করবেন।  ১৭ জুন তাকাহিকো নাকাও শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এডিবি প্রতি বছর গড়ে ৯০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিয়ে থাকে। এ পর্যন্ত বাংলাদেশে ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিয়েছে এ সংস্থা। এরমধ্যে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।