বেসিক ব্যাংকে পুনর্গঠন: মুহিত
কেন্দ্রীয় ব্যাংক বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সুপারিশ করলেও তা না ভেঙে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় ব্যবস্থাপনা পরিচালক অপসারণ, ঋণ বিতরণ বন্ধ এবং নিয়োগ-পদোন্নতির রাশ টানার পর রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সুপারিশ বৃহস্পতিবার করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশে মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিচ্ছে- জানতে চাইলে অর্থমন্ত্রী বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিঠিটি এখনো আমি দেখিনি। তবে গভর্নরের সঙ্গে সকালে কথা হয়েছে, সব বিষয়ই আমি জানি।”
সেক্ষেত্রে পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “পর্ষদ ভাঙা হলে দায়িত্ব (ব্যাংকটির) নেবে কে? এজন্য পর্ষদ পুনর্গঠন করা হবে।”
তা কবে নাগাদ হতে পারে- জানতে চাইলে মুহিত বলেন, “শিগগিরই।”
এর আগে হল-মার্ক কেলেঙ্কারির পর রাষ্ট্রায়ত্ত সববৃহৎ ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সুপারিশ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রেও পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বেসিক ব্যাংকের বর্তমান নাজুক আর্থিক পরিস্থিতি তুলে ধরে বলা হয়, “এই অবস্থার দায় পরিচালনা পর্ষদ এড়াতে পারে না।
“কিন্তু পরিচালনা পর্ষদের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারভুক্ত নয়। ফলে এ বিষয়ে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ও ৪৭ ধারা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের বিবেচ্য বিষয়।”
বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু। তা নেতৃত্বাধীন আটজনের পরিচালনা পর্ষদে অন্য সদস্যরা হলেন- শুভাশীষ বোস, শ্যামসুন্দর সিকদার, নীলুফার আহমেদ, কামরুন নাহার আহমেদ, আনোয়ারুল ইসলাম ও আনিস আহমেদ। তাদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক পদাধিকার বলে সদস্য।
এর মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত এই ব্যাংকের কর্মচারীদের। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন। এর মধ্যেই তার বিরুদ্ধে সম্প্রতি পোস্টারিং হয়।
চেয়ারম্যানের অপসারণ দাবি করে বেসিক ব্যাংকের একদল কর্মচারীর বের করা পোস্টার।
এরপর বেসিক ব্যাংকের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে বেসিক ব্যাংককে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বেসিক ব্যাংকের বিষয়ে এসব পদক্ষেপ নিতে হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশে দৃষ্টান্তমূলক বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃত বেসিক ব্যাংক নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভালো মুনাফা করছিল। বর্তমান পরিচালনা পর্ষদ ব্যাংকের দায়িত্ব নেয়ার পরই শুরু হয় বিপর্যয়।
বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির খবর প্রকাশ হলে পরিচালনা পর্ষদ চলতি বছরের ১৭ এপ্রিল একজন উপব্যবস্থাপনা পরিচালকসহ ৬ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে।
