ঢাকা-চট্টগ্রাম চার লেন দ্রুত শেষ করতে হবে: নাসিম মঞ্জুর
আগামী বাজেটের বরাদ্দে ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়ক দ্রুত বাস্তবায়নসহ অবকাঠামো খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার মত দিয়েছেন শীর্ষ একজন উদ্যোক্তা।
মানসম্পন্ন বাজেট প্রণয়ন করে তা বাস্তবায়নে যোগ্য জনবল ও প্রশাসনিক সক্ষমতা নিশ্চিত করার কথা বলেছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রত্যাশা তুলে ধরেছেন তিনি।
ফাইল ছবি
“বাজেটের পরিমাণ কত সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে- বাজেট কতটা মানসম্পন্ন। একই সাথে এসব বরাদ্দ বাস্তবায়নে যোগ্য জনবল ও প্রশাসনের সক্ষমতা কতটা নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ।”
দেশের সবচেয়ে বড় ফুটওয়্যার পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রধান নাসিম মনে করেন, বাজেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বেশি জোর দেয়া উচিত।
তিনি বলেন, “বাজেট রাজস্ব আয়কেন্দ্রিক হলে চলবে না। তাহলে বিনিয়োগকে সহায়তা করবে না। বরং বাজেট হতে হবে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য।”
বাজেটে রাজস্ব আয় বাড়াতে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর পরামর্শ দেন দেশের ব্যবসায়ীদের সবচেয়ে পুরনো সংগঠন এমসিসিআইয়ের সহ-সভাপতি নাসিম।
“বছরের পর বছর ধরে আমরা যারা কর দেই, তারাই আছি জুলুমের মধ্যে। এনবিআরের অফিসাররা এসে বলে কর দেন, অনেক সময় অহেতুক এই ফাইল, সেই ফাইল চায়। তাদের টার্গেট পূরণ করতে হবে, চাকরি চলে যাবে- এসব কথা বলে।
“এক্ষেত্রে বৃহৎ করদাতারা সবচেয়ে বেশি নিপীড়িত হয় এনবিআরের মাধ্যমে। অথচ উচিত যারা কর দিচ্ছে তাদেরকে বিশেষ সম্মান জানানো। যারা কর দেয় না তারাই ভালো আছে। কারণ তাদের করের বোঝা আমাদের বইতে হয়।”
উন্নয়নের জন্য শুধু বাজেট প্রণয়ন করলেই হবে না, সরকারকে দৃঢ়তার সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে বলে মনে করেন দ্বিতীয় প্রজন্মের এই উদ্যোক্তা।
শিল্প খাতে সরকার যেসব নীতি সহায়তা দেবে তাতে ধারাবাহিকতা থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
“সরকার কোনো শিল্প খাতের জন্য কিছু সুবিধা দিলো, অথচ তার ধারাবাহিকতা থাকলো না। এতে অনেক সময় সুবিধাগুলোর ফল পাওয়া যায় না। এজন্য নীতির ধারাবাহিকতা দরকার।”
তৈরি পোশাক শিল্পের ন্যূনতম মজুরি বাড়ানোর প্রভাব সব খাতেই পড়ছে উল্লেখ করে নাসিম মঞ্জুর বলেন, “বিষয়টি সরকারকে অনুধাবন করতে হবে। গত ত্রৈমাসিকের তুলনায় সর্বশেষ ত্রৈমাসিকে ৭৮ শতাংশ ব্যয় বেড়েছে। এতে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
এজন্য উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
“তবে উৎপাদনশীলতা বাড়ানোর একটি খারাপ দিক হচ্ছে- এতে কর্মসংস্থান কমার আশঙ্কা থাকে। কারণ উদ্যোক্তা অটোমেশনে যাবে। এজন্য আমরা চাই, বাজেটে এমন সব উদ্যোগ থাকুক যাতে ম্যানুফ্যাকচারিং খাতে ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমে যায়। যেমন পরিবহন খরচ ও ব্যাংক ঋণের সুদ হার ইত্যাদি কমানো।”
নিকট ভবিষ্যতে রপ্তানি প্রবৃদ্ধি কমবে বলে আশঙ্কা প্রকাশ করে চামড়াজাত পণ্যের এই রপ্তানিকারক বলেন, “রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যেসব তথ্য এখন দিচ্ছে সেগুলো গতবছরের জুন-জুলাই সময়ের অর্ডারের, সম্প্রতি অর্ডার অনেক কমেছে। যার ফল নিকট ভবিষ্যতে দেখা যাবে।”
তবে প্রয়োজন অনুযায়ী সরকারের সহায়তা পেলে উদ্যোক্তারা সেই শঙ্কা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন তিনি।
এছাড়া বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষক নাসিম।
ফাইল ছবি
সমসাময়িক বাজার চাহিদার উপযুক্ত মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি।
উদাহরণ হিসেবে তিনি বলেন, “বর্তমানে কাউকে পাটপণ্য নিয়ে প্রশিক্ষণ দেওয়ার চেয়ে মোবাইল বিষয়ে দক্ষতা বাড়ানোর ব্যবস্থা করলে সহজে তার কর্মসংস্থান হবে।”
সার্বিকভাবে আগামী বাজেটে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর।
“এজন্য সরকারকে এমন কিছু উদ্যোগ নিতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে, চাহিদা ও দীর্ঘ মেয়াদি বিনিয়োগে গতি পায়। আমরা বাজেটে এ ধরনের উদ্যোগ দেখতে চাই।”
