২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প কাঁচামাল আমদানি বাড়ছে

আমদানি ব্যয় শোধে এবার সবচেয়ে বেশি অর্থ ১১৭ কোটি ডলার ব্যয় করতে যাচ্ছে বাংলাদেশ, যা অর্থনীতির জন্য স্বস্তিকর বলে মনে করছেন বিশ্লেষকরা।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 11:10 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

আকুর ১১৭ কোটি ডলারের বেশি দেনা (আমদানি ব্যয়) বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করা হবে। দুই মাস অন্তর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) এই দেনা মেটায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের পর সমাজ ও রাজনীতিতে দ্রুত শান্তি ফিরে আসায় অর্থনীতি আবার স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।

“ব্যবসায়ী-শিল্পপতিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমদানি বাড়ছে, যার প্রভাব পড়ছে বিনিয়োগে।

এই সময়ে মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি), শিল্পের কাঁচামালসহ শিল্প বিকাশে অন্য সব পণ্যের আমদানি বেড়েছে বলে গভর্নর জানান।

রাজনৈতিক ডামাডোলে গত বছরজুড়ে দেশ অস্থির থাকায় তার প্রভাব পড়েছিল অর্থনীতিতেও। বিনিয়োগ ও ব্যবস্থায় স্থবিরতা দেখা দেয়ায় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গিয়েছিল তখন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট ২৬ দশমিক ১৪ বিলিয়ন ডলারে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৪২ শতাংশ বেশি।

এ সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে ৫৪ শতাংশ। শিল্পর কাঁচামাল আমদানির এলসি বেড়েছে ৫ শতাংশ। জ্বালানি তেলের এলসি বেড়েছে ১৫ শতাংশ।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত মনে করেন, নির্বাচন ঘিরে গত বছরের অনিশ্চয়তা কাটিয়ে দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ ফিরে আসছে বলেই আমদানি বাড়ছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আসায় বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্যাপিটাল মেশিনারিজ, শিল্পের কাঁচামালসহ শিল্পখাতের অন্যান্য পণ্য আমদানি বাড়লে বিনিয়োগেও তার ইতিবাচক প্রভাব পড়বে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গভর্নর বলেন, বিলাসবহুল পণ্য ছাড়া সব পণ্যের আমদানি এই সময়ে বাড়ছে।

এর আগে ২০১১ সালে এক মেয়াদে ১১৬ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। মার্চ-এপ্রিলে এসে সেই অঙ্ক ছাড়িয়ে গেল।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকুর ১১৭ কোটি ১২ লাখ ডলারের আমদানি বিল শোধের পরও রিজার্ভ সাড়ে ১৯ বিলিয়ন ডলারের কাছকাছি থাকবে।

সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ২০৪৭ কোটি ডলার। এই অঙ্কও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানান ছাইদুর।

তিনি বলেন, আকুর দেনা পরিশোধের পর যে রিজার্ভ থাকবে তা দিয়ে ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

আমদানি সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সংঘাতময় রাজনীতির কারণে বিনিয়োগে মন্দাভাব চলায় গত নভেম্বর-ডিসেম্বর মেয়াদে আকুর বিল ছিল ৭৮ কোটি । জানুয়ারি-ফেব্রুয়ারিতে ছিল ৯৬ কোটি ডলার।

গত ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের আমদানি ব্যয় আগের বছরের (২০১১-১২) চেয়ে ৪ দশমিক ৩৬ শতাংশ কমেছিল।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ- এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য। এই দেশগুলো থেকে বাংলাদেশ যে সব পণ্য আমদানি করে তার বিল দুই মাস পর পর আকুর মাধ্যমে পরিশোধ করতে হয়।

১০ মাসে রেমিটেন্স ১১৭৩ কোটি ডলার

কেন্দ্রীয় ব্যাংক সোমবার রেমিটেন্স সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীরা ১ হাজার ১৭৩ কোটি (১১ দশমিক ৭৩ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে এসেছে।

এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ কম।

তবে সর্বশেষ এপ্রিল মাসে গত বছরের এপ্রিল মাসের চেয়ে রেমিটেন্স বেড়েছে।

গত বছরের এপ্রিলে এসেছিল ১১৯ কোটি ৪৪ লাখ ডলার। গত এপ্রিল মাসে এসেছে ১২৩ কোটি ২৪ লাখ ডলার।

ডলার কেনা অব্যাহত

বাজার থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। সোমবারও ৭৭ টাকা ৬৫ পয়সা দরে ২০ লাখ (২০ মিলিয়ন) ডলার কেনা হয়েছে।

চলতি অর্থবছরে সোমবার পর্যন্ত বাজার থেকে ৪৩০ কোটি (৪ দশমিক ৩ বিলিয়ন) ডলার কেনা হয়েছে জানিয়ে ছাইদুর রহমান বলেন, “বাজার স্থিতিশীল রাখতেই ডলার কেনা হচ্ছে।”  

পুরনো খবর:

রাজনীতির ধাক্কায় প্রাণ ওষ্ঠাগত অর্থনীতির
বাড়তে শুরু করেছে আমদানি
এক বছর ধরে ‘একই দর’ ডলারের