২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহার্ঘ ভাতা পাবেন আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তরাও

সরকারি স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীদেরও মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

গত বছর সরকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে, যা ওই বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের দৌরাত্ম্য কমাতে কয়েক বছর ধরে অনেক প্রতিষ্ঠানেই চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ বন্ধ রয়েছে।

কিছু কিছু প্রতিষ্ঠানে আউট সোর্সিংয়ের মাধ্যমে তৃতীয় শ্রেণির কর্মচারীও নিয়োগ হলেও তারা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পান না।

তাই জনস্বার্থে তাদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে পরিপত্রে বলা হয়েছে, “আউট সোর্সিংয়ের মাধ্যমে কর্মরত সকল কর্মচারীকে সাকুল্যে বেতনের জন্য নির্ধারিত বেতন গ্রেডের উপর ২০ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন ১৫০০ টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

সরকারের এ আদেশ ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতোমধ্যে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া সহস্রাধিক কর্মচারীকে মহার্ঘ ভাতা দেয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিতে মানব সম্পদ বিভাগকে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।