২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ করপোরেশনের কাছে ব্যাংকের পাওনা ৯,২২২ কোটি টাকা

দেশের ২৮টি করপোরেশনের কাছে গত ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন ব্যাংকের নয় হাজার ২২২ কোটি ২৫ লাখ টাকা পাওনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 11:43 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

সাংসদ নাসরিন জাহান রত্নার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সংসদে এ তথ্য জানান।

তিনি বলেন, বকেয়া পাওনা আদায়ের জন্য করপোরেশনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের ‘নিবিড়’ যোগাযোগ অব্যাহত আছে।

কোনো কোনো ক্ষেত্রে ঋণ আদায়ে জন্য ব্যাংক কর্তৃপক্ষ করপোরেশনগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ এগ্রিডেভেলমেন্ট করপোরেশনের কাছে দুই হাজার ৩১৫ কোটি ৬১ লাখ টাকা, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের কাছে ৫৩৭ কোটি ৮৯ লাখ টাকা, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের কাছে ১৪৪ কোটি ৮৭ লাখ টাকা এবং বাংলাদেশ সুগার এবং ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছে বিভিন্ন ব্যাংকের দুই হাজার ৫০২ কোটি ৯৮ লাখ টাকা পাওয়া রয়েছে।

ব্যাংকের কাছে ঋণী অন্য করপোরেশনগুলোর মধ্যে আছে- বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন ১৪২ কোটি ১৯ লাখ টাকা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এক হাজার ৬৮২ কোটি ৯৫ লাখ টাকা, বিডি পেট্রোলিয়াম করপোরেশন এক হাজার ৩৬৯ কোটি ২৭ লাখ টাকা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ ২২০ কোটি ৬২ লাখ টাকা, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ৩৯ কোটি ৮৫ লাখ টাকা এবং বিটিটিবি ১১৪ কোটি ৩৭ লাখ টাকা।

সাইফুজ্জামান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, করপোরেশনগুলোকে সুবিন্যাস্ত করতে পরবর্তী সরকারের জন্য কিছু কার্যক্রম রেখে যাচ্ছি।

সাংসদ পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে ঋণ খেলাপীর সংখ্যা এক লাখ ৫২ হাজার ৭২৩ জন এবং গত জুন পর্যন্ত দেশে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ৭ কোটি ৮ লাখ ৭৫ হাজার ১৩৩।

নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মুহিত জানান, সর্বশেষ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ১৬ হাজার ১৩৯ দশমিক শূন্য ৭ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য।

১৯৯৬ সাল থেকে এ বছরের জুন পর্যন্ত বছরওয়ারি রিজার্ভের পরিমাণও সংসদে তুলে ধরেন তিনি।

জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরের বাজেট অনুযায়ী (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা এবং সাময়িক হিসাব অনুযায়ী আদায় হয়েছে এক লাখ ৮ হাজার ৭০৬ কোটি টাকা।

শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে মুহিত জানান, ২০০৯-১০ থেকে ২০১২-১৩ অর্থবছরে শুল্ক বিভাগ ২০ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ২৯৩ টাকা বাজারমূল্যের ৪৭ দশমিক ৭১ কেজি স্বর্ণ আটক করেছে।

সাংসদ মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত ডাটাবেজে টিআইএনধারী করদাতার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৩২১ জন।এরমধ্যে নতুন করদাতা ৯৬ হাজার ২৪৮ জন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে সংসদের অধিবেশন শুরু হয়।