২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ বেড়েছে ২৩,০০০ কোটি টাকা

এক বছরের ব্যবধানে দেশের ব্যাংক খাতে ২৩ হাজার ৩০৮ কোটি টাকার খেলাপি ঋণ বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 10:54 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

২০১১-১২ অর্থবছর শেষে খেলাপি ঋণ ২৯ হাজার এক কোটি টাকা থেকে বেড়ে গত অর্থবছর শেষে হয়েছে ৫২ হাজার ৩০৯ কোটি ৩২ লাখ টাকা।

খেলাপি ঋণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৯১ শতাংশ।

জুন শেষে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ৩৯ হাজার ২১২ কোটি ৩৭ লাখ টাকা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত মনে করেন খেলাপি ঋণ বাড়ার দুটো কারণ রয়েছে, যার একটি হলো- হল-মার্কের মত কয়েকটি ঋণ কেলেংকারি এবং  অন্যটি রাজনৈতিক অস্থিরতাজনিত অর্থনৈতিক মন্দা পরিস্থিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঋণ কেলেঙ্কারির কারণে ব্যাংকগুলো ঋণ বিতরণে বেশি সতর্ক হওয়ায় অনেক ভালো ব্যবসায়ীও ঋণ পায়নি। ফলে, ওইসব ব্যবসায়ী তাদের বকেয়া ঋণ পরিশোধ করতে পারছে না।

তিনি বলেন, অর্থনীতিতে এক ধরনের স্থবিরতার কারণে অনেকে সময়মত ঋণ পরিশোধ করতে না পারায় খেলাপি ঋণ বাড়ছে।

তবে খেলাপি ঋণের এই বৃদ্ধির রাশ টেনে ধরতে না পারলে দেশের অর্থনীতিতে তা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সোনালী ব্যাংকের এই পরিচালক।

তবে খেলাপী ঋণ বাড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের নীতিমালাকে দায়ী করছেন ব্যাংকাররা।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ হায়দার আলী মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রেণিকৃত ঋণ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা করায় ব্যাংক খাতেক খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে।” 

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় নিম্নমান পর্যায়ে শ্রেণিকৃত ঋণকে খেলাপি ঋণ হিসেবে না রাখায় এখন এই পর্যায়ের গ্রাহকদের জন্য নতুন ঋণ পেতে সমস্যা না হলেও সংশ্লিষ্ট ব্যাংককে ঠিকই সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকও আগের মতো এই পর্যায়ের ঋণকে বিরূপভাবে শ্রেণিকৃত ঋণের মধ্যেই রাখছে, অশ্রেণিকৃত হিসাবে দেখাচ্ছে না। প্রতিবেদনে খেলাপি বলতে পুরো অশ্রেণিকৃত ঋণকেই বোঝানো হয়েছে।

এক্ষেত্রে ৫২ হাজার ৩০৯ কোটি ৩২ লাখ টাকার বিরূপ শ্রেণিকৃত ঋণের মধ্যে নিম্নমানের ঋণ হচ্ছে এক হাজার ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা।

রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতিতে আবারও কিছুটা অবনতি হয়েছে। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে চার শতাংশ।

এসময় অগ্রণী ও জনতা ব্যাংকে খেলাপি ঋণ কিছুটা কমলেও রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ।

খ্যাতওয়ারী ব্যাংকভিত্তিক পরিসংখ্যান:

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুন শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ২৩ হাজার ৮৫২ কোটি ৮৭ লাখ টাকা বা ২৬ দশমিক ৪৪ শতাংশ।

তিন মাসে দেশীয় বেসরকারি ৩০ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ১৯ হাজার ৬১১ কোটি ৪৬ লাখ টাকা, যা বিতরণ করা ঋণের ছয় দশমিক ৬২ শতাংশ।

বিদেশি নয় ব্যাংকের খেলাপি ঋণ হয়েছে এক হাজার ৮৮ কোটি ৬৪ লাখ টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের চার দশমিক ৬৬ শতাংশ।

রাষ্ট্র খাতের চার বিশেষায়িত ব্যাংকে জুন শেষে খেলাপি ঋণ হয়েছে সাত হাজার ৭৫৬ কোটি ৩৬ লাখ টাকা যা, ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের ২৬ দশমিক ১৯ শতাংশ।

পুরনো খবর:

ব্যাংক খাতের মুনাফা কমে অর্ধেক