২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা

আগামী বৃহস্পতিবার চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 09:34 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

আগামী ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে ২০১৩-১৪ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “আগামী ছয় মাসের মুদ্রানীতি ঘোষণার প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে।”

মুদ্রানীতির ধরন এবং এতে কোন কোন দিকের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে- তা জানতে চাইলেও তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি।

হাসান জামান বলেন, “মুদ্রানীতির মূল কাজ হলো- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, কাঙ্খিত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) অর্জনের কৌশল নির্ধারণ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা।”

এবিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মুদ্রানীতিতে প্রণয়ন করা হবে বলে জানান তিনি।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন মুদ্রানীতি বর্তমানের মতো সম্প্রসারণমূলকই হবে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ চাঙ্গা রাখা, সামগ্রিক মুদ্রা প্রবাহ বাড়ানো ও ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেয়া বৃদ্ধির কৌশল নেয়া হচ্ছে।

তবে ছয় মাসের মুদ্রানীতি সম্প্রসারণমূলক হলেও বেসরকারি খাতে তেমন একটা ঋণপ্রবাহ ছিল না।

জানুয়ারি থেকে মে পর‌্যন্ত দেশের ব্যাংকগুলো থেকে বেসরকারি খাতে ঋণ প্রবাহে ১১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিদেশ থেকে বেসরকারি খাতের নেয়া ঋণ হিসাব করলে প্রবৃদ্ধি দাঁড়াবে ১৩ দশমিক ৬ শতাংশে।

বিনিয়োগ চাহিদা কম থাকা ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে ঋণপ্রবাহ কম হওয়ার জন্য দায়ী করেন কেন্দ্রীয় ব্যাংকের এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, “বেসরকারি খাতের ঋণের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সীমা বলে দিতে পারি। কিন্তু তার চেয়ে কম হলে আমাদের হাতে কিছু থাকে না। তবে কম হওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহজ হয়।”

রেমিটেন্স ও রপ্তানি আয় প্রবাহ ইতিবাচক থাকায় এবং আমদানি নেতিবাচক থাকায় গত ছয় মাসে লেনদেনের ভারসাম্য ইতিবাচক ছিলো, যার প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে।

চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। আর গড় মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে রাখার ঘোষণা দেয়া হয়েছে।