রুগ্ন প্রতিষ্ঠানগুলোর ঋণ হিসাব নিষ্পত্তির নির্দেশ
সরকারের চিহ্নিত করা রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোর ঋণ হিসাব নিষ্পত্তি করতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিহ্নিত রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারঘোষিত নানাবিধ সুবিধার প্যাকেজের আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর ঋণ হিসাব সরকারের নির্দেশনার আলোকে নিষ্পত্তি করা যাবে। তবে প্যাকেজের আওতায় সুদ ভর্তুকি দেয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য হবে না।
প্যাকেজের বাইরে থাকা রুগ্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো গ্রাহক ঋণ নিষ্পত্তি করতে চাইলে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক কিছু সুবিধা দেয়ার কথা বিবেচনা করতে পারে বলে নির্দেশনায় বলা হয়েছে।
এসব সুবিধার মধ্যে রয়েছে- দেনা পরিশোধের জন্য ঋণগুলো বন্ধ হিসাবে স্থানান্তর, মরেটরিয়াম সুবিধা দেয়া ও নমনীয় পরিশোধসূচি ঠিক করা, এবং অনারোপিত সুদ, সুদ অনিশ্চিত খাতে রক্ষিত সুদ ও দণ্ড সুদ মওকুফ (সম্পূর্ণ বা আংশিক) করা। তবে এক্ষেত্রে মূল ঋণ এবং মামলার খরচ মওকুফ করা যাবে না বলে বলা হয়েছে।
এছাড়া আরোপিত সুদ মওকুফ আবশ্যক হলে ‘কস্ট অব ফান্ড রিকভারি’ নিশ্চিত করে এবং ব্যাংকের ইনকাম অ্যাকাউন্ট ডেবিট না করে তা বিবেচনা করা যেতে পারে।
এসব রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে নতুন ঋণ পাওয়ার সুবিধাও দেয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এতে বলা হয়েছে, নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রচলিত ডাউন পেমেন্ট শিথিল করার বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বিবেচনা করতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে কেইস-টু-কেইস ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করা যেতে পারে।
তবে সুবিধা পেতে হলে রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে আগামী দু্ই মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন খাতে রুগ্ন শিল্পের মালিকরা সরকারি সহযোগিতা চেয়ে আসছেন। এর মধ্যেই তৈরি পোশাক শিল্পে ২৯৫টি রুগ্ন শিল্পের একটি তালিকা করেছে সরকার। এছাড়া অন্যান্য খাতে আরো ২৬০টি শিল্প প্রতিষ্ঠান নিজেদের রুগ্ন শিল্প হিসেবে দাবি করে আসছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাংকগুলোর প্রায় তিন হাজার কোটি টাকা আটকে আছে।
