২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজেট বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা’

বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার বিকালে এফবিসিসিআই মিলনায়তনে প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাজেট বাস্তবায়ন করতে হলে একদিকে যেমন রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন অন্যদিকে প্রয়োজন সুশাসন। সব কিছুর সমন্বয় হলেই এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব।”

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এবারের বাজেট সরকারি ব্যাংক ঋণের ওপর বড় বেশি নির্ভরশীল হওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঋণ পেতে সমস্যার সৃষ্টি হবে।

সরকারি-বেসরকারি খাতে উৎপাদন ও উন্নয়ন সহায়ক প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা করে সরকারি-বেসরকারি খাতে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যা মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারের শেষ বছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী, যাতে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

২০১৩-১৪ অর্থবছরের এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা আসবে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে।

বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা জিডিপির ৪.৬ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে বিদেশি ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং অভ্যন্তরীণ ব্যাংক ঋণ থেকে।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ প্রসঙ্গে বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ।”

আয়করের বিষয়ে সরকার যে প্রস্তাব রেখেছে তাতে নিম্ন আয়ের মানুষের করভার কমার পাশাপাশি করদাতারা সময়মতো কর প্রদানে আরো উৎসাহিত হবে বলে উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।

প্রস্তাবিত বাজেটে ক্যাপিটাল মেশিনারিজের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হয়েছে। এক্ষেত্রে শুল্ক হার এক শতাংশে নামিয়ে আনার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান।

এবারের বাজেট বাস্তবায়িত হলে দেশীয় বিস্কুট ও প্লাস্টিক শিল্প অসম প্রতিযোগিতার মুখোমুখি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন কাজী আকরাম।

তিনি বলেন, বিদেশি বিস্কুট  আমদানিতে  শুল্ক হ্রাস পাওয়ায় আমদানিকৃত বিস্কুটের সঙ্গে দেশীয় বিস্কুট টিকতে পারবে না। উৎপাদন পর্যায়ে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম থেকে ভ্যাট অব্যাহতি তুলে নেয়ায় স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখোমুখি হবে।