২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিম্মিদশা থেকে বেরিয়ে এসেছে অর্থনীতি’

মুক্তবাজার অর্থনীতির নামে বহুজাতিক কোম্পানি বা দাতা সংস্থার জিম্মিদশা থেকে দেশের অর্থনীতি বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার বিকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতায় এসেছিল তার ভিত্তিতে দেশের অর্থনীতির মোড় বদলের ব্যবস্থা করেছে সরকার।

“মুক্তবাজার অর্থনীতির নামে বহুজাতিক কোম্পানি বা দাতা সংস্থার জিম্মিদশা থেকে দেশের অর্থনীতি বেরিয়ে এসেছে, যা এই সরকারের দিন বদলের ধারাবাহিকতা।”

প্রথা অনুযায়ী বাজেটের পরদিন মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সরকারের জ্যেষ্ঠ কর্মকতাদের নিয়ে সাংবাদিকদের সামনে আসেন অর্থমন্ত্রী। তথ্যমন্ত্রী তার পাশে ছিলেন।  

দেশের অর্থনীতি নিয়ে হাসানুল হক ইনু বলেন, “ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন, আর ১০ শতাংশের নিচে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ- অর্থনীতির এক চমৎকার সাফল্য। যদিও বিরোধীদলের নেতা, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তা স্বীকার করতে চান না।”

মানব সম্পদ উন্নয়নই যে কোনো দেশের সত্যিকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় মন্তব্য করে তিনি বলেন,  “বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মানব সম্পদ উন্নয়নে। বর্তমান বাজেটের ১৯ শতাংশই এ খাতে ব্যয় হয়েছে।”

বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশকারীদের উদ্দেশে তিনি বলেন, “আমি তাদের উদ্দেশে বলবো, সরকার বাজেট বাস্তবায়নে সক্ষম। আগামী ছয় মাস বাজেটের পরিকল্পনা করা হবে, প্রয়োজনীয় বাস্তবায়ন হবে।”

দুর্নীতি নিয়ে তিনি বলেন, অতীতে দুর্নীতি ছিলো, এখনও আছে। তবে এর মধ্যে পার্থক্য হচ্ছে- বর্তমান সরকার দুর্নীতিবাজদের চিহ্নিত করেছে, দুদকে হাজির করেছে এবং কারাগারে পাঠিয়েছে। ক্ষমতার করিডোরে হাটার সুযোগ দেয়নি।

বাজেটে যে থোক বরাদ্দ রাখা হয়েছে তা ভবিষ্যত প্রজন্মের জন্য বিনিয়োগ হবে জানিয়ে তিনি বলেন, জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে থোক বরাদ্দের অধিকাংশ ব্যয় হবে।

মন্ত্রী বলেন, থোক বরাদ্দের অর্থ কোথায় কিভাবে ব্যয় হবে তা সরকার ষ্পষ্ট করে জানাবে। কারণ সরকারি এক টাকা ব্যয়েরও হিসাব কাগজে-কলমে থাকে।

কৃষি খাতে প্রবৃদ্ধি ঠিকভাবে হচ্ছে মন্তব্য করে ইনু বলেন, “উন্নয়নশীল দেশগুলোতে কৃষি খাতে ৪ শতাংশ প্রবৃদ্ধি হলেই চলে। আমাদের দেশে তা হচ্ছে ৩ দশমিক ৯০ শতাংশ। এর বাইরে প্রাণী ও মৎস খাতে ৫ ও সাড়ে ৩ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। সে বিষয়গুলো বিবেচনায় নিলে কৃষি খাতের প্রবৃদ্ধি ঠিকভাবেই হচ্ছে।”

শিশু ও মাতৃ মৃত্যুহার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে লৈঙ্গিক  সমতা, সুপেয় পানি ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতির কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, বাজেটের রাজনৈতিক দর্শনের কারণেই এসব লক্ষ্য অর্জন সহজ হয়েছে।