২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎবঞ্চিতের তালিকায় বাংলাদেশ তৃতীয়

গত ২০ বছরে অনেক পথ এগোলেও জনসংখ্যার হিসাবে বিদ্যুৎ সুবিধাবঞ্চিত প্রধান ২০ দেশের তালিকায় এখনো বাংলাদেশের অবস্থান তৃতীয়।

হুসাইন আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 06:19 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের ছয় কোটি ৬৬ লাখ মানুষ বিদ্যুৎ সেবার আওতার বাইরে ছিল, যা মোট জনসংখ্যার ৪৫ শতাংশ।


জ্বালানি ব্যবহারের সুযোগ ও নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা নিয়ে বিশ্বের ১৭০টি দেশের ওপর বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পরিচালিত এই সমীক্ষা প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হয়।


প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট র্যাচেল কাইট বলেন, “বিদ্যুতের সরবরাহের চেয়ে চাহিদা বাড়ছে। কাজেই এর ব্যবহার করতে হবে আরো টেকসই উপায়ে, আরো দক্ষতার সঙ্গে।”


‘গ্লোবাল ট্র্যাকিং ফ্রেমওয়ার্ক’ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সুবিধাভোগী মানুষের সংখ্যা ২২ শতাংশ বেড়ে ৫৫ শতাংশ হয়েছে।
অবশ্য বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের গত প্রায় তিন বছরের উদ্যোগগুলো এই প্রতিবেদনে আসেনি।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১২ সাল পর্যন্ত দেশের ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, যা ২০০৯ সালে ছিল ৪৩ শতাংশ।


সরকারের দাবি, গত চার বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বেড়ে ৮ হাজার ৫২৫ মেগাওয়াট হয়েছে। এই সময়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে ২৮ লাখ ৪০ হাজার নতুন গ্রাহককে।


বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১২০ কোটি মানুষ এখনো বিদ্যুৎ সুবিধাবঞ্চিত। ২৮০ কোটি মানুষের গৃহস্থালী কাজে আধুনিক জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। অর্থাৎ তারা কাঠ পোড়ানোসহ বিভিন্ন ধরণের প্রথাগত জ্বালানি ব্যবহার করে থাকেন।

এছাড়া বিশ্বে ব্যবহৃত বিভিন্ন ধরণের মোট জ্বালানির মধ্যে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ মাত্র ১৮ শতাংশ।

প্রতিবেদেনে বলা হয়, বিদুৎ সেবাবঞ্চিত শীর্ষ ২০ দেশের তালিকার প্রথমেই রয়েছে ভারত, যার ৩০ কোটি ৬২ লাখ মানুষ বিদ্যুত সুবিধার বাইরে রয়েছে।

এই পরেই রয়েছে নাইজেরিয়া, যেখানে আট কোটি ২৪ লাখ মানুষের কাছে এখনো বিদ্যুৎ পৌঁছেনি।
এ তালিকায় মিয়ানমার দশম, আফগানিস্তান দ্বাদশ ও পাকিস্তান ষোড়শ অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০১০ সালে বাংলাদেশের গ্রামের মাত্র ৪৩ শতাংশ মানুষ এবং শহরের ৮৮ শতাংশ বাসিন্দা বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল।


গত ২০ বছরে জনবহুল যেসব দেশে বিদ্যুতায়ন বেড়েছে, তার প্রধান ২০ দেশের তালিকায় ১২টিই এশিয়ার। এই সময়ে বিদ্যুতের আওতায় আসা বিশ্বের ১৭০ কোটি মানুষের মধ্যে ১৩০ কোটি এসব দেশের বাসিন্দা।


সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ভারত, চীন, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও বাংলাদেশ ব্যাপকভাবে বিদ্যুৎ সুবিধার আওতা বাড়িয়েছে। এই ২০ বছরে বাংলাদেশে বিদ্যুৎ সেবা বছরে তিন শতাংশ হারে বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


এখন পর্যন্ত বিদ্যুৎ সুবিধাবঞ্চিত বিশ্বের ৮০ শতাংশ মানুষের বাস গ্রামে। আলোচ্য ২০ বছরে বিশ্বের ১৭০ কোটি মানুষ বিদ্যুৎ পেয়েছে। আর এই সময়ে বিশ্বের জনসংখ্যা বেড়েছে ১৬০ কোটি।
২০৩০ সালের মধ্যে শতভাগ মানুষের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে হলে বিদ্যুতায়নের গতি দ্বিগুণ করতে হবে বলে মত দেয়া হয়েছে প্রতিবেদনে।


এতে বলা হয়েছে, ১৯৯০ সালের পর থেকে বিদ্যুত সুবিধা ও গৃহস্থালীতে পরিবেশবান্ধব জ্বালানির বিস্তার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে ‘কিছুটা’ উন্নতি হয়েছে।


বিদ্যুৎ সুবিধাবঞ্চিত জনসংখ্যার দুই-তৃতীয়াংশ রয়েছে এশিয়া ও আফ্রিকার ২০টি দেশে, যাদের তিন চতুর্থাংশ আবার কাঠসহ প্রথাগত জৈব জ্বালানি ব্যবহার করে।


প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮০ শতাংশ জ্বালানি ভোগকারী প্রভাবশালী দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্বিগুণ বাড়িয়ে ৩৬ শতাংশ করতে হবে এবং জ্বালানি ব্যবহারের দক্ষতা আরো বাড়াতে হবে।


২০১১ সালে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের গৃহীত ‘সবার জন্য টেকসই জ্বালানি’ পদক্ষেপের তিনটি লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রথম এই ধরনের প্রতিবেদন তৈরি করেছে ১৫টি সংস্থার বিশেষজ্ঞরা।


এই পদওক্ষেপের প্রধান হিসেবে কাজ করছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।


২০৩০ সালের মধ্যে বিশ্বের সব দেশের জন্য জ্বালানিপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে দ্বিগুণ করা এবং জ্বালানি দক্ষতার দ্বিগুণ উন্নতির লক্ষ্যে সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজকে নিয়ে এই উদ্যোগে কাজ করছে বিশ্ব ব্যাংক।


প্রতিবেদনে বলা হয়েছে, এসব লক্ষ্য অর্জনে জ্বালানি খাতে বিনিয়োগ দ্বিগুনের বেশি বাড়াতে হবে।

 সামষ্টিক জ্বালানি নীতি গ্রহণ করতে হবে, যাতে যাবতীয় অর্থনৈতিক প্রণোদনা, জীবাশ্ম জ্বালানির ভর্তুকি কমানো ও কার্বনের দাম বৃদ্ধির মতো বিষয়গুলো থাকবে।