২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক গ্রাহকদের পাওয়া সুদে করহার এক করার প্রস্তাব

টিআইএনধারী ও টিআইএনবিহীন ব্যাংক গ্রাহকদের পাওয়া সুদের করহার এক করার পক্ষে মত দিয়েছেন দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি’র চেয়ারম্যান নূরুল আমিন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 03:53 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

আসন্ন বাজেট উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের এই অবস্থানের কথা বলেন।

বিনিয়োগে খরা দেশের অর্থনীতির ওপর যে চাপ সৃষ্টি করেছে, তা কাটিয়ে ওঠার নির্দেশনা নতুন বাজেটে প্রত্যাশা করছেন এবিবি চেয়ারম্যান।

বর্তমান সরকারের শেষ বাজেট সংসদে প্রস্তাব করা হবে আগামী ৬ জুন, যে বাজেটের বাস্তবায়নের প্রায় অর্ধেক সময় নতুন সরকার ক্ষমতায় থাকবে।

অর্থ মন্ত্রণালয় আগামী বাজেটের আকার ঠিক করেছে ২ লাখ ২৪ হাজার কোটি টাকা।

ব্যাংক গ্রাহকদের সুদের ওপর করের হার একই করার প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে নূরুল আমিন বলেন, “যেসব গ্রাহকদের টিআইএন নেই, তারা মূলত আয়কর দেয়ার মতো লোক নন।

“অধিকাংশ গ্রাহকই প্রবাসী আয়ের সুবিধাভোগী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিভিন্ন সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী।”

বর্তমানে টিআইএনধারী গ্রাহকদের সুদ আয় থেকে ১০ শতাংশ হারে এবং টিআইএনবিহীন গ্রাহকদের সুদ আয় থেকে ১৫ শতাংশ হারে কর কাটা হয়।

Image
এবিবি’র চেয়ারম্যান নূরুল আমিন

এবিবি’র চেয়ারম্যান নূরুল আমিন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিনের সুপারিশ, এই কর হার যেন সব গ্রাহকদের জন্য ১০ শতাংশ নির্ধারণ করা হয়।

ব্যাংক ঋণের সুদ হার কমানোর জন্য তিনি সরকারের সঞ্চয়পত্র ও বিভিন্ন বন্ডের সুদ হার কমানোর পরামর্শ দেন।

সরকারি এসব সঞ্চয় প্রকল্পে সুদ হার কমানো না হলে আমানতের সুদ হার কমবে না। আর আমানতের সুদ হার কমানো না গেলে ঋণের সুদ হারও কমানো সম্ভব নয়।

খরচ কমিয়ে সুদ হার কমানোর সুযোগ নেই উল্লেখ করে এবিবি চেয়ারম্যান বলেন, “ব্যাংকের পরিচালন ব্যয় নিয়মিত বাড়ছে। বিশেষ করে বেতন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল ইত্যাদি খরচ কমানোর কোনো সুযোগ নেই।”

এবিবি চেয়ারম্যান কর্পোরেট করের হার কমানোর সুপারিশও করেছেন। এই হার ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪০ শতাংশ নির্ধারণেরও সুপারিশ তার।

এছাড়া ব্যাংকিং খাতের কর্পোরেট কর হার ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ৪০ শতাংশে নির্ধারণেরও সুপারিশ করেন এবিবি চেয়ারম্যান।

তিনি বলেন, “ব্যাংক ও বীমা ছাড়া অন্যান্য সব কোম্পানির কর্পোরেট কর হার ৩৭ দশমিক ৫০ শতাংশ থেকে ৪০ শতাংশের মধ্যে। এদুটি খাতের কর হারও ৪০ শতাংশ করা উচিত।”

খেলাপি ঋণের প্রভিশনের (নিরাপত্তা সঞ্চিতি) ১ শতাংশের ওপর যে কর ছাড় দেয়ার বিধান ছিলো, তা পুনর্বহালের সুপারিশ করেন নূরুল আমিন।

তিনি বলেন, শ্রেণীকৃত ঋণের কোনো কোনো ক্ষেত্রে ডাবল ট্যাক্স হচ্ছে। এ বিষয়টি স্পষ্ট করা উচিত।

আসন্ন বাজেটে বিনিয়োগ উদ্বুদ্ধ করার উদ্যোগ নেয়ার সুপারিশ করেন এই ব্যাংকার।

তিনি বলেন, “বাজেটে এমন পদক্ষেপ নেয়া দরকার, যাতে বিনিয়োগ ত্বরান্বিত হয়, উৎপাদন ও আমদানি-রপ্তানি বাড়ে। এতে কর্মসংস্থান ও রাজস্ব আয় দুটোই বাড়বে।”

“রাজনৈতিক অস্থিরতা, হরতাল, গ্যাস-বিদ্যুতের সঙ্কটসহ নানা কারণে আশানুরূপ বিনিয়োগ হচ্ছে না। এতে ব্যাংকসহ বিভিন্ন খাত চাপের মুখে পড়েছে। এই চাপ থেকে অর্থনীতিকে বের করে আনার উদ্যোগ নিতে হবে বাজেটে।”

পুঁজিবাজার চাঙ্গা করতে সব ব্যাংকের একটা ন্যূনতম বিনিয়োগের সীমা বেঁধে দেয়ার প্রস্তাব করেন এই ব্যাংকার।

তিনি বলেন, ব্যাংকগুলো বিভিন্নভাবেই পুঁজিবাজারে সম্পৃক্ত। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ সীমা দেয়া আছে। বর্তমানে দায়ের ১০ শতাংশ বিনিয়োগ করা যায়।

“নতুন আইনে তা মূলধনের ২৫ শতাংশ করা হচ্ছে বলে জানি। তবে এক্ষেত্রে একটা ন্যুনতম সীমাও থাকা উচিত। কারণ অনেক ব্যাংক আছে যাদের কোন বিনিয়োগ নেই।”