২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডি: আবারো স্থগিত ব্যবসায়ী সম্মেলন

সাভারে ভবন ধসে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সম্মেলন স্থগিত করেছে ব্যবসায়ী ও  শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার দুপুরে এফবিসিআইয়ের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাভারে বাণিজ্যিক ভবন ধসে ব্যাপক হতাহতের ঘটনায় সহানুভূতিশীল হয়ে সম্মেলন স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের করণীয় ঠিক করতে গত ২৮ মার্চ ব্যবসায়ী সম্মেলনের ডাক দেয় এফবিসিসিআই।

প্রথমে ৬ এপ্রিলে সম্মেলনের তারিখ ঠিক করা হলেও ওইদিন হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ থাকায় তা স্থগিত করা হয়। পরে ২০ এপ্রিলে সম্মেলনের তারিখ ঠিক করে এফবিসিসিআই। তাও স্থগিত করে ২৬ এপ্রিল, শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন করার ঘোষণা দেয়া হয়েছিল।

প্রতিটি ব্যবসায়ী চেম্বারের সভাপতিসহ কমপক্ষে দুজনকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছিল এফবিসিসিআই। দেশের ৭৩টি চেম্বার ও ২৯৩টি ব্যবসায়ী সমিতি সংগঠনটির সদস্য।

এফবিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে এফবিসিসিআইয়ের এক জরুরি বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

সাভারের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে এফবিসিসিআই বোর্ড সভায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।

সভায় দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করায়  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সদস্যরা। পাশাপাশি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করায় ধন্যবাদ জানানো হয় বিএনপি চেয়ারপারসনকেও।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় ভবনে আটকে যাওয়া হতাহতদের উদ্ধারে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ, জনপ্রতিনিধিসহ সাধারণ জনগন সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। নিঃস্বার্থ এ সহযোগিতার জন্য এফবিসিসিআই সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।

সেইসঙ্গে দুর্ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

‘এফবিসিসিআই মনে করে এ মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার এবং তাদের চিকিৎসা সেবা দেয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ অবস্থায় দুর্ঘটনায় হতাহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল হয়ে এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ী সম্মেলন স্থগিত করা হয়েছে।’

হতাহত শ্রমিকদের জন্য সুচিকিৎসা, আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা নিয়ে  ব্যবসায়ী সমাজসহ সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।