নতুন সিএজি মাসুদ আহমেদ
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মাসুদ আহমেদ।
পরিকল্পনা কমিশনের এই সদস্যকে বুধবার সিএজি (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার পর মাসুদ দায়িত্ব পালন শুরু করবেন। তিনি আহমেদ আতাউল হাকিমের স্থলাভিষিক্ত হলেন।
নিয়োগের চিঠি পেয়েছেন জানিয়ে মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী রোববার তার শপথ অনুষ্ঠান হতে পারে।
সরকারি কর্মকর্তা মাসুদ আহমেদ লেখালেখিও করেন। তার প্রকাশিত গল্পের সংখ্যা ১০০টি, এছাড়া সাতটি উপন্যাসও লিখেছেন তিনি।
তার লেখা নিয়ে তৈরি আটটি টেলিফিল্ম বিভিন্ন টেলিভিশনে সম্প্রচার হয়েছে।
আতাউল হাকিম গত ফেব্রুয়ারিতে বিদায় নেয়ার পর থেকে সিএজির পদটি শূন্য ছিল। সেই পদে নিয়োগ পেলেন মাসুদ আহমেদ।
