২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘হল-মার্ক কেলেঙ্কারির দায় অর্থমন্ত্রণালয়ের’

সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারির জন্য অর্থমন্ত্রণালয়কে দুষলেন কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেরও দায় রয়েছে বলে মনে করেন তিনি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 07:29 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

বাংলাদেশ অর্থনীতি সমিতি ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ আয়োজনে বাজেট সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ এ কথা বলেন।

ইব্রাহীম খালেদ বলেন, “সোনালী ব্যাংকের হলমার্ক কেলেংকারির প্রধান দায় অর্থমন্ত্রণালয়ের। তারপর বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়িত করা হলে তারা এসব বিষয় সামাল দিতে পারতো।”

শনিবার অর্থনীতি সমিতির ইস্কাটন কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন ইব্রাহিম খালেদ।

দুর্নীতির জন্য বিভিন্ন ক্ষেত্রেই রাজনীতিবিদদের ঘাড়ে দায় চাপানো হলেও এই সাবেক ব্যাংকারের মতে, সরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক দলের লোক থাকলে সমস্যা হয় না। যদি সে সৎ ও যোগ্য লোক হয়। তবে সমস্যা হয় তখন যখন ভালো লোক বাদ দিয়ে টাকা প্রতি লোভী ছাত্রনীতি শেষ করা উঠতি রাজনীতিক নিয়োগ দেওয়া হয়।

সকালে কর্মশালার উদ্বোধন করেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক তৌফিক আহম্মেদ চৌধুরী, অর্থমন্ত্রনালয়ের উপসচিব সিরাজুন নূর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মো, আবু ইউসুফ, ইআরএফ সভাপতি খাজা মাইনুদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি।

খোন্দকার ইব্রাহীম খালেদ আরো বলেন, বিদেশে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে কূটনীতিকরা ব্যর্থ হচ্ছেন। এক্ষেত্রে বরং ব্যবসায়ীদের ভূমিকা উজ্জল। প্রবাসী আয় ও পণ্যের বাজার বাড়াতে চীনা মডেল অনুসরণের পরামর্শ দেন তিনি।

কর্মশালার দুই অধিবেশনেই অর্থনীতির বিভিন্ন দিক ব্যাখ্যা করে ড. আবুল বারকাত।

তিনি বলেন, “শেয়ার বাজারে সামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততা থাকায় আবারো শেয়ার বাজার ওঠানোর চেষ্টা চলছে। যদিও শেয়ার বাজার আর ওঠানো সহজ নয়।”

তিনিও অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরেন।

তার মতে, মুক্ত বাজার অর্থনীতিতে বৈষম্য বাড়ে, তবে এর বিপরীতে বাংলাদেশে একে মানবিক করার চেষ্টা চলছে। 

দারিদ্র্য কমলেও বৈষম্য বাড়ছে জানিয়ে তিনি বলেন, সম্পদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন চিন্তা প্রয়োজন।

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের অর্থনীতি রিপোর্টিংয়ের ৩৫ জন সংবাদিক অংশ নেন।