রিজার্ভ ফের ১৪ বিলিয়ন ডলার
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় আবার ১৪ শ’ কোটি ডলার ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ দ্বিতীয় বারের মতো ১ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
এর আগে গত ৫ মার্চ প্রথমবারের মতো ১৪ বিলিয়ন ডলারের রেকর্ড স্পর্শ করে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়।
এরপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর তা ১৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে নেমে এলেও রেমিটেন্স প্রবাহের কল্যাণে তা আবার ১৪ বিলিয়ন ডলার অতিক্রম করে।
বর্তমান রিজার্ভে সন্তোষ প্রকাশ করে গভর্নর আতিউর রহমান বলেন, “এটা প্রমাণ করে বাংলাদেশের অর্থনীতি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।”
আর প্রবাসীদের পাঠানো অর্থই (রেমিটেন্স) এতে মূল ভূমিকা রেখেছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
পাশাপাশি রপ্তানি ব্যয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে আসাও এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে।
এদিকে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে চলতি অর্থবছরে এ পর্যন্ত বাজার থেকে ৩৫০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
দর ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে এর আগে কখনোই এতো বেশি ডলার কিনতে হয়নি।
গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে ডলারের দর কমছে। রোববার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ছিল ৭৮ টাকা ৩০ পয়সা।
গত বছরের জানুয়ারিতে ডলারের দর বাড়তে বাড়তে এক পর্যায়ে ৮৫ টাকায় উঠেছিল। এরপর থেকেই তা কমছে। এটা ঠেকাতেই বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
ছাইদুর রহমান জানান, চলতি অর্থবছরের পহেলা জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত বাজার থেকে সবমিলিয়ে ৩৫০ কোটি ডলার কেনা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪২০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এক বছরে এতো রেমিটেন্স আগে কখনো আসেনি।
গত বছরের মতো চলতি বছরের শুরুতেও রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। জানুয়ারি মাসে ১৩৩ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে। ফেব্রুয়ারি মাসে এসেছে ১১৫ কোটি ৫৬ লাখ ডলার।
আর চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ৬১ কোটি ডলার পাঠিয়েছেন।
সব মিলিয়ে চলতি ২০১২-১৩ অর্থবছরের সাড়ে আট মাসে (জুলাই থেকে ১৫ মার্চ) ১০ দশমিক ৫০ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে।
