২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ আদায় কিছুটা বেড়েছে

মোট খেলাপি ঋণের পরিমাণের তুলনায় সামান্য হলেও গত বছর শেষে ব্যাংকগুলোর খেলাপি ঋণের আদায় কিছুটা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, বছর শেষে ব্যাংকগুলো তৎপর হওয়ায় খেলাপি ঋণ আদায় বেড়েছে।

২০১২ সালের শেষ অক্টোবর-ডিসেম্বর সময়ে খেলাপি ঋণ আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৪২৫ কোটি ৪৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল দুই হাজার ১৯২ কোটি ৪৭ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ আদায় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তবে এই পরিমাণ আদায়ের পরও ২০১২ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার কোটি টাকা।

এবিষয়ে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বছরের শেষ সময়ে এসে আদায় একটু বেশি থাকে। ব্যাংকগুলো যেমন আদায় বাড়ানোয় তৎপর হয়, তেমনি গ্রাহকরাও ঋণ পরিশোধ করে নিজেকে খেলাপিমুক্ত করেতে চায়।”

তবে আগামীতে সারা বছরই খেলাপি ঋণ আদায় সন্তোষজনক থাকবে বলে আশা করেন হেলাল।

“কারণ, এখন থেকে ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হচ্ছে,” যোগ করেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকের প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) রাখার বাধ্যবাধকতা থাকায় ব্যাংকগুলো বছর শেষে খেলাপি ঋণ কমিয়ে রাখতে চায়। একারণে ডিসেম্বরে খেলাপি ঋণের আদায় সবসময়ই একটু বেশি হয়। তবে জুন ও ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায় পরিস্থিতির যতটা উন্নতি ঘটে, মার্চ ও সেপ্টেম্বর ত্রৈমাসিকে তেমনটা ঘটে না।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের দুই হাজার ৪২৫ কোটি ৪৮ লাখ টাকা আদায় করতে সক্ষম হয়েছে ব্যাংকগুলো।

এর মধ্যে নগদ আদায় হয়েছে এক হাজার ৭৮৩ কোটি ৮৯ লাখ টাকা এবং মামলা বা অন্যান্য উপায়ে আদায় হয়েছে ৬৪১ কোটি ৫৯ লাখ টাকা।

এর আগের ত্রৈমাসিক অর্থাৎ সেপ্টেম্বর ত্রৈমাসিকে আদায় হয়েছিল এক হাজার ১২৫ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে নগদ আদায় এক হাজার ১০১ কোটি টাকা।

জুন ত্রৈমাসিকে এক হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয় ব্যাংকগুলো। এসময় নগদ আদায় হয়েছিল এক হাজার ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা।

মার্চ ত্রৈমাসিকে আদায় হয়েছিল এক হাজার ১২৩ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে নগদ আদায় এক হাজার ১১১ কোটি ৮১ লাখ টাকা।

জুন মাসের ৩০ তারিখ ও ডিসেম্বরের ৩১ তারিখ ব্যাংকের ক্লোজিং। এই দুইদিন কার্যক্রম বন্ধ রেখে ব্যাংকগুলো তাদের ষান্মাসিক ও বার্ষিক হিসাব তৈরি করে।

২০১২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে রাষ্টায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের বেশির ভাগই এসেছে মামলা ও অন্যান্য উপায়ে। এসময়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ৯২৩ কোটি ৩৪ লাখ টাকা আদায় হয়েছে। নগদ আদায় হয়েছে ৩৪৭ কোটি ৮৯ লাখ টাকা।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের খেলাপি ঋণের এক হাজার ৯২ কোটি ৯০ লাখ টাকা আদায় করতে সক্ষম হয়েছে। এর মধ্যে নগদ আদায় হয়েছে এক হাজার ২৬ কোটি ৭৬ লাখ টাকা।

বিশেষায়িত ব্যাংকগুলো আদায় করেছে ৩৯১ কোটি ৭৪ লাখ টাকা। বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো আদায় করেছে ১৭ কোটি ৫ লাক টাকা।

বিশেষায়িত ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ের পুরোটাই নগদ আদায়।