২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়করদাতা ১১ লাখ

গত বছরের নভেম্বর পর্যন্ত ১১ লাখ ৪২ হাজার ৮৫৭ জন টিআইএন গ্রহণকারী আয়কর দিয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

তবে এই সংখ্যাটি যথেষ্ট নয় বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শাহিন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লিখিত উত্তরে এই তথ্য জানানো হয়।

২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারীর সংখ্যা ৩৭ লাখ ৩৯ হাজার ৭২ জন বলে জানান মন্ত্রী।

করদাতার সংখ্যা বাড়াতে টিআইএন ব্যবস্থার আধুনিকায়নের জন্য ন্যাশনাল আইডি সংশ্লিষ্ট তথ্যভান্ডারের সঙ্গে ই-সংযোগের মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পরিকল্পনাধীন বলে জানান তিনি।

এ কে এম রহমতুল্লাহ এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস হতে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা।

ফরিদুন্নাহার লাইলীর আরেক প্রশ্নের জবাবে মুহিত বলেন, ইউনিপে-টু কোম্পানির প্রতারণার মাধ্যমে নেয়া টাকা ফিরিয়ে দিতে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হেবে।

ইতোমধ্যেই ইউনিপে-টু’র ব্যাংক হিসাবে রাখা টাকা জব্দ করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে।

যুবকের ক্ষতিগ্রস্থ গ্রাহকদের জমাকৃত অর্থের পরিমাণ নির্দিষ্টকরণ, অর্থ পরিশোধের পদ্ধতি নির্ধারণ এবং পরিশোধের ব্যবস্থা করতে একটি কমিশন কাজ করছে বলেও জানান মুহিত।

রেহেনা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ৩১ ডিসেম্বর পর্ন্ত বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক থেকে ৬৫ হাজার ৮৮৬ দশমিক ৬১ কোটি টাকা ঋণ নিয়েছে।

ঘাটতি বাজেট পূরণের জন্য সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে।

এ বি এম আবুল কাশেমের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ নির্ধারণ করা হয়েছে।

‘মোবাইল অপারেটদের কাছ থেকে প্রত্যাশিত রাজস্ব আয়’

মোবাইল ফোন অপারেটদের কাছ থেকে সরকার প্রত্যাশিত রাজস্ব আয় আদায় করছে বলে সংসদে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন।

মাহজাবীন মোরশেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থ বছরে মোবইল ফোন অপারেটরদের কাছ থেকে দুই হাজার ৭৯৫ দশমিক ২১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

এরমধ্যে লাইসেন্স ফি বাবদ ২০ কোটি, রেভিনিউ শেয়ারিং থেকে ৫১৬ কোটি ৫৪ কোটি, স্পেকট্রাম চার্জ থেকে ১৯৫ দশমিক ৭৩ কোটি টাকা এবং টু-জি লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তির ফি থেকে দুই হাজার ৬২ দশমিক ৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

মো. শহীদুজ্জামান সরকারের আরেক প্রশ্নের জবাবে সাহারা জানান, গত বছর বৈদেশিক কল হতে এক হাজার ৮৩৫ দশমিক ৮২ কোটি টাকা আয় হয়েছে।