২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল: জাইকার সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর

ঢাকায় মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে জাপান সরকারের দাতা সংস্থা জাইকার সঙ্গে চুক্তি করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

বুধবার হোটেল রুপসী বাংলায় চারটি প্রকল্পে প্রায় ছয় হাজার ৩১১ কোটি টাকা (৭৯ কোটি ২৮ লাখ ডলার) অর্থায়নের জন্য তিনটি ঋণচুক্তি ও একটি অনুদান চুক্তি হয় যার মধ্যে মেট্রোরেলে পরামর্ক নিয়োগে অর্থায়নও রয়েছে।

চুক্তিতে সাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ এবং জাইকার প্রধান আবাসিক প্রতিনিধি তাকাও তোদা।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও জাপানের রাষ্ট্রদুত শিরো সাদোশিমা।

চুক্তি অনুযায়ী ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) বা মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে প্রায় ৯২৪ কোটি টাকা (১১ কোটি ৬৩ লাখ ডলার) ঋণ দেবে জাইকা।

এছাড়া জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে প্রায় ১ হাজার ৬৫৩ কোটি টাকা (২০ কোটি ৮ লাখ ডলার) এবং ৩৬০ মেগাওয়াট ক্ষমতার ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে ৩ হাজার ৬৬১ কোটি টাকা (৪৬ কোটি ৫ লাখ ডলার) ঋণ দেবে জাইকা।

জাপানের তিনটি ঋণ চুক্তি ১০ বছরের ‘গ্রেস পিরিয়ড’সহ ৪০ বছরে পরিশোধ করতে হবে। প্রতি বছর সুদের হার ০.০১ শতাংশ।

জাইকা অনুদান হিসেবে ৭২ কোটি টাকা (৮০ লাখ ডলার) দেবে আর্সেনিকপ্রবণ অঞ্চলগুলোতে আধুনিক যন্ত্র ব্যবহার করে সুপেয় পানির উৎস সন্ধান করার প্রকল্পে।

জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে থাকে উল্লেখ করে অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশে প্রথম বারের মতো মেট্রোরেল স্থাপন করতে জাপান অর্থায়নে এগিয়ে এসেছে। এজন্য তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা লাগবে, যার ১৬ হাজার ৫৯৫ কোটি টাকাই দেবে জাইকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা জোগাবে সরকার। উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেইট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রো রেল।

মেট্রোরেল চালু নিয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সমীক্ষা শুরু হয় এবং বর্তমান সরকার আমলে তা এগিয়ে চলে। তবে প্রথম নকশায় বিজয় সরণী রুট নিয়ে বিমানবাহিনীর আপত্তির কারণে ঝুলে যায় এই প্রকল্পটি।

সর্বশেষ গত ১৮ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকে এই প্রকল্প অনুমোদন হয়। তিন পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন হবে ২০২২ সালের মধ্যে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, এই মেট্রোরেল চালু হলে এ রুট ব্যবহার করে ঘণ্টায় ৬০ হাজার মানুষ চলাচল করতে পারবে।

২০ দশমিক ১০ কিলোমিটার এই উড়াল রেলপথ উত্তরা তৃতীয় পর্যায় থেকে শুরু হয়ে পল্লবী হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেইট দিয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে। 

পরিকল্পনা কমিশন তথ্য অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের কাজ চলবে তিন ধাপে। প্রথমে পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত (১১ কিলোমিটার) ২০১৯ সালের মধ্যে, দ্বিতীয় পর্যায় সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত (৪ দশমিক ৪০ কিলোমিটার) ২০২০ সালের মধ্যে এবং তৃতীয় পর্যায় পল্লবী থেকে উত্তরা পর্যন্ত (৪ দশমিক ৭ কিলোমিটার) ২০২২ সালের মধ্যে বাস্তবায়ন হবে।