২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের নতুন বাজার অনলাইনে

জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন বাজার। আর এই বাজারে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড (ব্যবহত) মোবাইল ফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

দেশের সর্ববৃহৎ অনলাইন বিপনন মাধ্যম বিক্রয় ডটকমের তথ্য অনুযায়ী, সকল প্রকার অনলাইন বিজ্ঞাপনের ৭০ শতাংশ হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইলের। ছয় মাস আগে (গত বছরের জুন থেকে) কার্যক্রম শুরুর পর থেকে ক্লাসিফাইড এই ওয়েবসাইটটি এখন পর্যন্ত এক লাখেরও বেশি বিনামূল্যে বিজ্ঞাপন গ্রহণ করেছে।

সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রয়ের প্রধান শহরগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী।

রাজধানী ঢাকায় এখন পর্যন্ত ৯০ লাখের বেশি মূল্যের মোবাইল ফোন বিক্রি হয়েছে। এর দাম এক হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকার মধ্যে।

বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে অনলাইন শপিং কিংবা ট্রেডিং এর ধারণা তুলনামূলকভাবে নতুন। তবে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে এই মাধ্যমের চাহিদা ক্রমবর্ধমান।”

অনলাইনে সেকেন্ড হ্যান্ড পণ্য খোঁজার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের সহায়তার লক্ষ্যে ২০১১ সালে যাত্রা শুরু করে বিক্রয় ডটকম। এই ওয়েবসাইটটিতে গ্রাহকেরা যেকোন জিনিস ক্রয় বা বিক্রয় করতে পারেন।

ঈশিতা শারমীন জানান, বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দেওয়া যায় বিনামূল্যে। আর পুরো প্রক্রিয়াটি মাত্র দুই মিনিটেই সম্পন্ন হয়। গ্রাহকদের কোনোরকম নিবন্ধনও করতে হয় না। শুধুমাত্র ক্যাটাগরি বেছে নিয়ে একটি ছোট বিবরণী লিখতে হবে আর একটি ছবি আপলোড করতে হবে।

তিনি জানান, দেশে ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে কেনা-বেচার ক্ষেত্রে অনলাইন মাধ্যম যতটাই প্রাধান্য পাচ্ছে। জনপ্রিয়তা পাচ্ছে সেকেন্ড হ্যান্ড পণ্যের আদান প্রদান।