ভারতের অনুদানের প্রথম কিস্তি পাচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে হওয়া ১০০ কোটি ডলার ঋণ চুক্তির আওতায় অনুদানের ২০ কোটি ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ জানান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুদানের প্রথম কিস্তির পাঁচ কোটি ডলার রোববার হস্তান্তর করবেন।
বাংলাদেশ-ভার যৌথ পরামর্শমূলক কমিশনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ভারতের এই মন্ত্রী বলেন, “আমরা ঋণচুক্তির আওতায় অগ্রাধিকারমূলক প্রকল্পের জন্য অনুদানের প্রথম কিস্তি হিসেবে পাঁচ কোটি ডলার হস্তান্তরে প্রস্তুত।”
এর আগে ভারতের কাছ থেকে পাওয়া অনুদানের ২০ কোটি ডলার পদ্মা সেতু প্রকল্পে ব্যয় করা হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন।
২০১০ সালের অগাস্টে একশ’ কোটি ডলারের ঋণচুক্তি করে ভারত ও বাংলাদেশ। এই একশ’ কোটি ডলার ঋণের মধ্যে অনুদান হিসেবে দেয়া হয় ২০ কোটি ডলার।
প্রথমে এই ঋণের সুদ এক দশমিক ৭৫ শতাংশ ধরা হলেও ২০১২ সালে তা কমিয়ে এক শতাংশে আনা হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি ঋণের অর্থ ব্যয়ের প্রকল্প নিয়ে পর্যালোচনা হয়।
