হল-মার্ক: ঋণের টাকা দিতে নির্দেশনা চেয়ে আবেদন
সাত দিনের মধ্যে সোনালী ব্যাংকের ২৬ হাজার কোটি টাকা ঋণ ফেরত দিতে হলমার্ক চেয়ারম্যান জেসমিন ইসলামের প্রতি নির্দেশনা চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়েছে।
রোববার জনৈক নাজিম আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে হাই কোর্টে তলব করার নির্দেশনাও চাওয়া হয় ওই আবেদনে।
আবেদনে ১১ মামলায় জেসমিন ইসলামকে জামিনের আদেশের কার্যক্রমে স্থগিতাবস্থাও চাওয়া হয়েছে আবেদনে।
আবেদনে ঢাকার জেলা প্রশাসক, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জেসমিন ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়েছে।
ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আবেদনটি অ্যাফিডেভিট করেছি। দুপুরের পর এটা হাই কোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করবো।
গত ৭ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকের ঋণ দিতে সম্মত হওয়ায় এবং ছেলের এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে আসামিকে ১১ মামলায় ৫০ হাজার টাকার মুচলেকায় দেড় মাসের জামিন দেয়া হয়।
হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম কীভাবে, কতোদিনের মধ্যে ঋণ পরিশোধ করবেন, আদেশে তা উল্লেখ না থাকায় এই আবেদন করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর জেসমিন, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা জেসমিনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
হল-মার্কের অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ পেলে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। মামলা দায়েরের আগে তানভীর ও জেসমিনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
ঋণ কেলেঙ্কারির এই ঘটনায় এরই মধ্যে দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
