সাড়ে ৮ কোটি ডলার বিদেশি ঋণ পাচ্ছে ১০ প্রতিষ্ঠান
বেসরকারি খাতের ১০টি প্রতিষ্ঠানের জন্য ৮ কোটি ৫৭ লাখ ডলার বৈদেশিক ঋণ অনুমোদন করেছে এ সংক্রান্ত কমিটি।
বুধবার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্যমন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদেশি ঋণ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ার লিমিটেড ৫ কোটি ২০ হাজার ডলার, টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেড এক কোটি ৫ লাখ ৯০ হাজার ডলার, ব্লু ওসান লিমিটেড ৫০ লাখ ডলার, উত্তরা ফুডস অ্যান্ড ফিডস লিমিটেড ৭৮ লাখ ডলার, ইপিলিয়ন স্টাইল লিমিটেড ৩৭ লাখ ৯০ হাজার ডলার, দাদা(ঢাকা) লিমিটেড ২০ লাখ ডলার, মাসি হাটা সোয়েটার লিমিটেড ১৮ লাখ ১৯ হাজার ডলার ঋণ পাচ্ছে।
বাকি অর্থ অন্য তিনটি প্রতিষ্ঠানের জন্য অনুমোদন করা হয়েছে।
৩ মাস মেয়াদি লাইবরের (লন্ডন আন্ত:ব্যাংক অফার রেট) সঙ্গে সাড়ে ৪ শতাংশ যোগ করে যে হার দাঁড়ায় তা হবে এসব ঋণের সর্বোচ্চ সুদহার ।
বৈঠকে জানানো হয়, এছাড়া বেসরকারি খাতের বেশ কিছু বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
২০১২ সালে বৈদেশিক ঋণের ক্ষেত্রে ১৪৯ কোটি ডলার এবং ২০১১ সালে ৮১ কোটি ৯০ লাখ ডলারের প্রস্তাব অনুমোদন করে কমিটি।
