২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেপ্টেম্বরের মধ্যে আসছে ভারতের বিদ্যুৎ’

জুলাইয়ের মধ্যে ভারতের বিদ্যুৎ আনার ঘোষণা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে।

মঈনুল হক চৌধুরী

রিয়াজুল বাশার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সরকার এখন বলছে, জুলাইয়ের মধ্যে বিদ্যুৎ আনার অবকাঠামো নির্মাণের কাজ শেষ হবে, এর পর আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

গত বছরের ২০ জুলাই তৎকালীন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বলেছিলেন, জুলাইয়ের মধ্যে ভারতের বিদ্যুৎ আসবে।

তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক খান বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন, জুলাইয়ের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষ করার পর অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিদ্যুৎ আসবে।

এদিন ভারতের বিদ্যুৎ সচিবের সঙ্গে বৈঠকের পরও একই কথা জানিয়েছেন বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম।

৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বর্তমানে ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং এইচভিডিসি (হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট) উপকেন্দ্র নির্মাণের কাজ চলছে।

সংসদে প্রশ্নোত্তরে এনামুল হক জানান, এই নির্মাণ কাজ চলতি বছরের জুলাই মাসে শেষ হবে।

“আশা করা যায়, আগামী অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু হবে।”

সচিব মনোয়ার ইসলাম ভারতের সচিবের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আশা করছি, আগামী জুলাইয়ের মধ্যে সঞ্চালন লাইন স্থাপন ও গ্রিড নির্মাণ শেষে যথাসময়েই বিদ্যুৎ আসবে।”

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে দুই দেশের মধ্যে ২০১০ সালে সমঝোতা স্মারক সই হয়।

এরপর গত বছর ফেব্রুয়ারিতে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার বিষয়ে চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

তবে বেসরকারি খাত থেকে আমদানির জন্য বাকি ২৫০ মেগাওয়াটের চুক্তি এখনো হয়নি।

সংবাদ সম্মেলনে ভারতের বিদ্যুৎ সচিব পি উমাশঙ্কর জানান, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য দুই দেশেই অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলছে।

ভারতের প্রতি ইউনিট বিদ্যুতের দাম সঞ্চালন খরচ বাদে ৪ টাকা হবে বলে জানান তিনি।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র

দুই সচিবের বৈঠকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়েও আলোচনা হয়েছে, যার বিরোধিতা করে আসছে দেশের পরিবেশবাদীরা।

মনোয়ার ইসলাম বলেন, “আজকেই এ কোম্পানির পরিচালনা পর্ষদের প্রখম সভা হচ্ছে।”

বাগেরহাটের রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করে ভারত ও বাংলাদেশ। এরপর এর নাম দেয়া হয় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি।

রামপালের জন্য ভারতের পক্ষ থেকে কর অবকাশ সুবিধা চাওয়া হচ্ছে কি না- জানতে চাওয়া হলে মনোয়ার ইসলাম বলেন, তারা চাইতেই পারে। তবে এটা বিবেচনা করবে জাতীয় রাজস্ব বোর্ড।

পরিবেশ হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে পি উমাশঙ্কর বলেন, ভারতে গত পাঁচ বছরে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে তার অধিকাংশই কয়লাভিত্তিক।

পরিবেশে প্রভাব ‘ন্যূনতম’ রেখে এই প্রকল্পের কাজ করা হবে বলেও জানান তিনি।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীরা বলছেন, এর কারণে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ঝুঁকির মুখে পড়বে।