বিদেশে বিনিয়োগে সায় দিতে কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব
দেশের বাইরে সেবা খাতে বিনিয়োগের অনুমোদন দিতে বাংলাদেশ ব্যাংককে প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)।
সোমবার গভর্নরের সঙ্গে এক বৈঠকে এই ব্যবসায়ী সংগঠনের নেতারা এই প্রস্তাব দেন, যা বিবেচনার আশ্বাস ইতোমধ্যে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী গত ৮ জানুয়ারি সাংবাদিকদের বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ বাড়ায় এখন বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ করার প্রস্তাব বিবেচনা করা সহজ হবে।
দেশের বেশ কয়েকজন উদ্যোক্তা বিদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়ে রাখলেও বাংলাদেশ থেকে অর্থ বাইরে বিনিয়োগ করার বিষয়ে অনুমতি দেয়নি কেন্দ্রীয় ব্যাংক।
অর্থমন্ত্রী বলেছিলেন, “আমরা ‘কেইস বাই কেইস বেসিসে’ ফরেন ইনভেস্টমেন্ট করতে দেব আমাদের লোকজনকে।”
বৈঠক শেষে ডিসিসিআই সভাপতি সবুর খান সাংবাদিকদের বলেন, “আমরা দেশের বাইরে সেবা খাতের ছোট ছোট বিনিয়োগ নিয়ে যাওয়ার অনুমোদন দেয়ার দাবি জানিয়েছি।”
সফটওয়্যার, হোটেল ট্যুরিজম, বায়িং হাউজ, কুরিয়ার সার্ভিস ইত্যাদি খাতে বিনিয়োগের সুযোগ দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক সিদ্ধান্ত নেয়া উচিত।
গভর্নরের সঙ্গে বৈঠকে অটোমেটেড ক্লিয়ারিং হাউজের মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত চেক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে মাশুল না নেয়ার প্রস্তাবও দেন ডিসিসিআই নেতারা।
সবুর খান বলেন, “আমরা ছোট ছোট লেনদেন অর্থাৎ এক লাখ টাকা পর্যন্ত চেক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে যাতে কোনো চার্জ না নেয়া হয়, সেই প্রস্তাব করেছি।”
এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
তিনি বলেন, “আমরা নিজেরাই চিন্তা করছি, ছোট পরিমাণের চেকগুলোর ক্ষেত্রে চার্জ ছাড়াই ক্লিয়ারিংয়ের সুযোগ দেয়া যায় কি না। তাছাড়া আইটি খাতে যারা বিনিয়োগ করবে তাদের ক্ষেত্রেও কিছুটা সুবিধা দেয়া যায় কি না, তা ভাবা হচ্ছে।”
ডিসিসিআই সভাপতি প্রবাস থেকে যারা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের ১০ জনকে পুরস্কৃত করার পরামর্শ দিয়ে বলেন, তা হলে বৈধ পথে অর্থ পাঠানো উৎসাহিত হবে।
সরকারি প্রতিষ্ঠানের আমানতে সুদের হার কমানোর পরামর্শ দিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, সরকারি প্রতিষ্ঠানের উচ্চ সুদে আমানত রাখার প্রবণতাও ব্যাংকিং খাতের সুদ হার বেড়ে যাওয়ার একটি কারণ।
এই প্রসঙ্গে এই ডেপুটি গভর্নর বলেন, “সুদের হার বেশি থাকার অনেক কারণ আছে। এর মধ্যে একটি কারণ হল বড় বড় ঋণ গ্রহীতারা যদি খেলাপি হয়, সেক্ষেত্রে সার্বিকভাবে ব্যাংক খাতের অর্থের যোগান কমে যাওয়ায় সুদ হার বাড়ে। তাছাড়া সরকারের আমানতের উচ্চ সুদও একটা কারণ।”
“সরকার যদি কম হারে সুদ নেয়, তাহলে সরকারের লোকসান হবে না। কারণ এতে ব্যবসা-বাণিজ্য বাড়বে। সরকারের অন্যান্য আয় বাড়বে,” মনে করেন তিনি।
এছাড়া ক্রেডিট ইনফরমেশন ব্যুরো(সিআইবি)তে ন্যাশনাল আইডি কার্ড যোগ করার সুপারিশও করেছে ডিসিসিআই।
বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসিসিআইয়ের অন্যান্য পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
