বিদেশে বিনিয়োগে আগ্রহীদের আশা দিলেন মুহিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ায় এখন বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ করার প্রস্তাব বিবেচনা করা সহজ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ায় এখন বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ করার প্রস্তাব বিবেচনা করা সহজ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারে সরকারের পরিকল্পনা জানতে চাইলে এ মত ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
সোমবার দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় এক হাজার ৩০৪ কোটি ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়নে নতুন রেকর্ড।
মুহিত বলেন, “এ রিজার্ভ কত? পাঁচ মাসের আমদানি ব্যয় চলবে। পাঁচ মাসের আমদানি ব্যয়ের রিজার্ভ আগেও ছিল, আবার সেখানে গেছে। এটা নিয়ে ভাববার কোনো কারণ নেই, পরিকল্পনা করারও প্রয়োজন নেই।”
“আমরা তো আগেই বলেছি, আমরা ‘কেইস বাই কেইস বেসিসে’ ফরেন ইনভেস্টমেন্ট করতে দেবো আমাদের লোকজনকে। যে প্রস্তাবগুলো আসছে, সেগুলো বিবেচনা করতে এখন সহজ হবে,” বলেন তিনি।
দেশের বেশ কয়েকজন উদ্যোক্তা বিদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়ে রাখলেও বাংলাদেশ থেকে অর্থ বাইরে বিনিয়োগ করার বিষয়ে অনুমতি দেয়নি বাংলাদেশ ব্যাংক।
