১৮ দিনে ৮০ কোটি ডলারের বেশি রেমিটেন্স
গত বছরের মতো চলতি বছরের শুরুতেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে (পহেলা জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত) ৮০ কোটি ৫৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বিদায়ী ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪২০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, দেশের ইতিহাসে এই পরিমাণ রেমিটেন্স এক বছরে আগে আর আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ১৪ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। ২০১১ সালে রেমিটেন্সের পরিমাণ ছিল ১২ দশমিক ১১ বিলিয়ন (১ হাজার ২১১ কোটি) ডলার।
এক বছরের ব্যবধানে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। শতকরা হিসেবে যা বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ।
২০১১ সালে প্রবৃদ্ধি হয়েছিল ১০ শতাংশ। ২০১০ সালে রেমিটেন্স বেড়েছিল ২ দশমিক ৫ শতাংশ।
বিদায়ী বছরের অক্টোবর মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে। ওই মাসে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা। এক মাসে এত রেমিটেন্স আগে কখনো আসেনি।
এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত বছরের শেষ মাস ডিসেম্বরে; ১২৮ কোটি ২৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত রেমিটেন্স প্রবাহের যে গতি আমরা লক্ষ্য করছি তাতে মনে হচ্ছে গত বছরের মতো এবারও সেই ধারা অব্যাহত থাকবে।”
তিনি জানান, রেমিটেন্সের উপর ভর করেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পরও রিজার্ভ ১২ দশমিক ৭ বিলিয়ন ডলারে অবস্থান করছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ অতীতের সব রেকের্ড ভেঙ্গে ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
৭ জানুয়ারি রিজার্ভ ১৩ দশমিক ১২ বিলিয়ন ডলারে উঠে।
এরপর আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ৫৯ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১২ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমে আসে।.
