শীতার্তদের পাশে দাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশনা
ব্যাংকগুলোকে সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমের আওতায় শীতার্ত অসহায় মানুষের মাঝে জরুরিভিত্তিতে শীতবস্ত্র বিতরণ করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার এ বিষয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে একটি সার্কুলারও পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, অবহেলিত ও অনগ্রসর এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদি খাতে ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রমের মধ্য দিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এর ধারাবাহিকতায় গত শীত মৌসুমে বিভিন্ন ব্যাংক সিএসআর কার্যক্রমের আওতায় দেশের দারিদ্র্যপীড়িত হাওড় ও চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ‘প্রশংসনীয় কার্যক্রম’ গ্রহণ করে।
শীতের তীব্রতা বিবেচনায় চলতি বছরও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং গরিব মানুষের মাঝে জরুরিভিত্তিতে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করতে বলা হয়েছে সার্কুলারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত শনিবার থেকে ঈশ্বরদী, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় রাজশাহী বিভাগে শীতের প্রকোপ বেড়ে গেছে।
চলতি মাসের শেষে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আরো একটি বা দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তীব্র শীতে দারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তর জনপদের দরিদ্র মানুষকে। বিভিন্ন স্থানে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে বলেও গণমাধ্যমে খবর এসেছে।
সিএসআর কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে আরেকটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
যে সব ব্যাংক এখনও গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা/শিক্ষাবৃত্তি/অনুদান কার্যক্রম চালু করেনি, তাদের দ্রুত এ ধরনের কার্যক্রম শুরু করতে নির্দেশনো দেয়া হয়েছে এই সার্কুলারে।
