আগের চেয়ে ‘সাশ্রয়ী’ মূল্যে মিলছে সার, কমেনি গমের দাম
নতুন অর্থবছরের শুরুতে বিশ্ববাজার থেকে গম ও সার কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এরমধ্যে কিছুটা কম দামে সার কেনার বনিবনা হলেও গমের দাম কমেনি।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলা ইউরিয়া সার কেনার বিসিআইসির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি টন সারের দাম পড়েছে ৫৯৭ দশমিক ৫০ ডলার; প্রতিকেজির ৫৫ টাকা ৭৯ পয়সা।
এর আগে গত ১৫ জুন প্রতিকেজি ৭৯ টাকা ৭৩ পয়সায় ইউরিয়া সার কেনা হয়েছিল।
নতুন এ চুক্তির আওতায় ৩০ হাজার টন ইউরিয়া সার কিনতে মোট খরচ হবে ১৬৭ কোটি ৫৯ লাখ টাকা।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনালের কাছ থেকে ২০৯ কোটি টাকায় ৫০ হাজার টন গম কিনতে খাদ্য অধিদপ্তরের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
ডলারের বিনিময় হার ৯৩ দশমিক ৪৫ টাকা বিবেচনায় প্রতিটন গমের দাম পড়ছে ৪৪৮ দশমিক ৩৮ ডলার এবং প্রতিকেজি ৪১ টাকা ৯০ পয়সা।
ইউক্রেইন যুদ্ধের পর গমের দাম বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস আন্তর্জাতিক বাজার থেকে গম আমদানি বন্ধ ছিল। সর্বশেষ গম কেনা হয়েছিল প্রতিকেজি ৩২ টাকা থেকে ৩৪ টাকা দরে।
