২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থবছর ২০২১-২২: সংশোধিত এডিপির ৯৩% বাস্তবায়ন

কোভিড সংক্রমণ কমে এলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরার ইতিবাচক প্রভাব দেখা গেছে সরকারের উন্নয়ন কাজের অগ্রগতিতেও; গত ২০২১-২২ অর্থবছর শেষে সংশোধিত এডিপির প্রায় ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 11:01 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

অর্থবছর শেষে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে মোট ২ লাখ ৩ হাজার ৭৬৪ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে, যা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) বরাদ্দের প্রায় ৯২ দশমিক ৭৯ শতাংশ।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এডিপি বাস্তবায়নের এ তথ্য তুলে ধরেন।

গত অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ১৯ হাজার ৬০২ কোটি টাকা। বছরের মাঝামাঝি সময়ে সংশোধনের আগে মূল এডিপির আকার ধরা হয়েছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

গত অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ আগের ২০২০-২১ অর্থবছরের চেয়ে ৩১ হাজার ৯২৯ কোটি টাকা বেশি। বাস্তবায়নের হার বেড়েছে ১০ দশমিক ৬৮ শতাংশীয় পয়েন্ট। করোনাভাইরাস মহামারীর উচ্চ সংক্রমণের মধ্যে ২০২০-২০২১ অর্থবছরে এডিপি বাস্তবায়িত হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৮৩৫ কোটি ৭৭ লাখ টাকা বা সংশোধিত বরাদ্দের ৮২ শতাংশ।

গত অর্থবছরে এডিপিতে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দের প্রায় ৯২ দশমিক ২৬ শতাংশ বা ১ লাখ ২৬ হাজার ৬৭১ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

প্রকল্প সহায়তার খাত থেকে ব্যয় হয়েছে বরাদ্দের ৯২ দশমিক ২৩ শতাংশ বা ৬৭ হাজার ৩৩ কোটি টাকা।

অপরদিকে সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে বরাদ্দের চেয়েও বেশি ১০৪ শতাংশ বা ১০ হাজার ৬১ কোটি টাকা ব্যয় হয়েছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, “সরকারের কর্মকাণ্ডে যে গুনগত পরিবর্তন এসেছে তার বড় প্রমাণ কোভিডের মধ্যেও এডিপি বাস্তবায়ন প্রায় ৯৩ শতাংশ পর্যন্ত হয়েছে।”

দশ মাসে ৬ বছরের সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন  

নতুন এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখন অর্থবছরের প্রথম থেকেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থছাড়ের স্বয়ংক্রিয় ব্যবস্থা করা আছে। তাই এখন অর্থছাড়ে কোনও জটিলতা নেই।”

এটি এডিপি বাস্তবায়নের গতি বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুযায়ী গত মে পর্যন্ত ১১ মাসে সংশোধিত এডিপির বাস্তবায়ন হার ছিল ৬৫ দশমিক ৫৬ শতাংশ। অর্থবছরের শেষ এক মাসে প্রায় ২৭ শতাংশ অর্থ ব্যয় হয়েছে।

শেষের দিকে বাস্তবায়ন বেশি হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, “প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুতি নিতে হয়। অর্থবছরের প্রথম দিকে এসব প্রস্তুতি গ্রহণে সময় লাগে। যার কারণে বছরের শুরুতে প্রকল্প বাস্তবায়নের গতি কিছুটা কম থাকে।

“আবার বর্ষাকালেও উন্নয়ন কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এসব কারণে বছরের প্রথম দিকের তুলনায় শেষ দিকে এডিপি বাস্তবায়ন বেশি হয়।“

বেশি বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয় বরাদ্দের চেয়ে বেশি বা বরাদ্দের ১১২ শতাংশ এবং টাকার অঙ্কে ৪ হাজার ৮৭০ কোটি টাকা ব্যয় করেছে। বিদ্যুৎ বিভাগও বরাদ্দের চেয়ে বেশি বা প্রায় ১০২ শতাংশ এবং টাকার অঙ্কে ২৫ হাজার ৫৬১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৯৯ দশমিক ৩৮ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৯৯ দশমিক ৫৭ শতাংশ, সেতু বিভাগ প্রায় ৯৮ শতাংশ, পানি সম্পদ মন্ত্রণালয় প্রায় ৯৬ শতাংশ, নৌ পরিবহন মন্ত্রণালয় প্রায় ৯৬ শতাংশ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ৯৫ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৯২ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৯১ শতাংশ ও রেলপথ বিভাগ বরাদ্দের ৯১ শতাংশ ব্যয় করেছে।