আরিচা-দৌলতদিয়ায় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ: মান্নান
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে আরিচা-দৌলতদিয়া পয়েন্ট দিয়ে পদ্মার ওপর দ্বিতীয় আরেকটি সেতুর কাজ শিগগির শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে ‘পদ্মাসেতু; একটি স্বপ্নের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রকৌশলীদের সংগঠন আইইবি আয়োজিত সেমিনারে তিনি জানান, প্রমত্তা পদ্মা নদীর ওপর আরেকটি স্বপ্নের সেতু তৈরির জন্য সম্ভাব্যতা যাচাই সমীক্ষা প্রায় শেষের দিকে।
পরিকল্পনামন্ত্রী বলেন, “আমরা গর্ববোধ করছি পদ্মা সেতুর মতো একটি সেতু আমরা তৈরি করতে পেরেছি। এখন আমাদের তৈরি হবে দেশের উন্নয়নের জন্য আরও ব্রিজ আরও টানেল, আরও অনেক অবকাঠামো প্রকল্প নির্মাণ করতে হবে।
“ইতোমধ্যে আরিচা- দৌলতদিয়া ঘাট দিয়ে একটি সেতুর ফিজিবিলিটি স্টাডি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমার ধারণা এই ব্রিজেও আমরা খুবি শিগগিরই হাত দিতে পারব।”
এর আগে গত ২২ জুন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় দ্বিতীয় পদ্মা সেতুতে জাপানের অর্থায়নের আগ্রহ দেখান। এটি বাস্তবায়নে জোর আশাবাদ জানিয়েছিলেন তিনি।
শনিবার সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের প্রধান অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া বলেন, “পদ্মা সেতুর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ওনি যদি সেদিন কইতেন বাদ তাহলে পদ্মা সেতু হত না।
“প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জ নিয়ে বিশ্বব্যাংক বা দাতাদের বাদ দিয়ে পদ্মা সেতু করেছেন। এবং আমরা সাহস নিয়ে মোকাবিলা করেছি বিশ্বকে দেখিয়েছি আমরা পারি।”
প্রয়াত অধ্যাপক পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের প্রধান জামিলুর রেজা চৌধুরীকে শেখ হাসিনা অসম্ভব বিশ্বাস করতেন জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী জামিলুর রেজা চৌধুরীর কাছে জানতে চেয়েছেন আপনারা পারবেন কি না?
“জামিলুর রেজা চৌধুরী পারবেন বলে সম্মতি দেওয়ার পর প্রধানমন্ত্রী আর পিছনে যাননি।”
অধ্যাপক বসুনিয়া বলেন, “পদ্মাসেতুতে আমাদের প্রকৌশলীরা শতভাগ কাজ নকশা অনুযায়ী করেছেন। এক বালতি বালু ফেলা হয়েছে তাও সম্পূর্ণভাবে নকশা অনুযায়ী করা হয়েছে।”
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন বিশ্বব্যাংক যেখানে শেষ করেছে আমরা সেখান থেকেই শুরু করবো। আমরা ঠিক তাই করেছি।
“প্রকল্পটি শতভাগ নকশা অনুযায়ী দাড়ি, কমা, সেমিকোলনসহ আমরা বাস্তবায়ন করেছি। কোনো কিছুই আমরা পরিবর্তন করি নাই। প্রধানমন্ত্রী সাহস করেছেন কিন্তু এই সাহস দিয়েছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।”
ভারতের ভূপেন হাজারিকা সেতুর সঙ্গে তুলনা করে পদ্মা সেতুর ব্যয় বেশি হয়েছে দাবি করে অনেকে সমালোচনা করছেন বলে সেমিনারে সেই প্রসঙ্গ তুলে ধরে শফিকুল ইসলাম।
তিনি বলেন, “কিসের সঙ্গে কিসের তুলনা করা হচ্ছে। ভারতের ওই সেতুর সঙ্গে পদ্মা সেতুর তুলনায় চলে না।”
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে ভবিষ্যতের শিক্ষার জন্য ঢাকা-চট্টগ্রাম সড়কের মেঘনা গোমতী ও দাউদকান্দি সেতু এবং যমুনা রেল সেতুর সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ করে পদ্মা সেতুর ব্যয়ের চিত্র তুলে ধরার আহবান জানান তিনি।
সেমিনারে ভোলার সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য একটি সেতু নির্মাণ খুবই প্রয়োজন জানিয়ে এটা নিজের স্বপ্ন বলে উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী মান্নান।
এ বিষয়ে সরকারের আর্থিক সক্ষমতার প্রসঙ্গে তিনি বলেন, “আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে অবশ্যই সম্ভব। তবে টেকনিক্যালভাবে সম্ভব হবে কি না তা আপনারা বোঝেন। তবে আপনারা পারবেন বলে আমরা মনে করি।”
আইইবি‘র প্রেসিডেন্ট মো. নূরুল হুদার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইবি‘র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাত হোসেন শিবলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল সদস্য অধ্যাপক ড. আইনুন নিশাত, অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ নূর।
