দুই দশকে প্রথমবার ডলার-ইউরো সমান
গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোর মান পড়ে গিয়ে মার্কিন ডলারের সমান হয়ে উঠেছে।
সিএনএন এর একটি প্রতিবেদনে জানানো হয়, ইউরোর মান বছরের শুরুর সময় থেকে ১২ শতাংশ কমে এসে মঙ্গলবার এক ডলারের সমান হয়ে ওঠে।
ইউক্রেইন যুদ্ধের কারণে মূল্যস্ফীতি আর জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় পুরো ইউরোপজুড়ের মন্দার আশঙ্কার মধ্যে ইউরোর এমন দরপতন হল।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম- ফেডসহ কেন্দ্রীয় ব্যাংকগুলো কয়েক দফায় সুদহার বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি পড়ে আসায় ইউরোর ওপর চাপ বাড়ছে।
যে কারণে নিরাপদ বিনিয়োগের জন্য মার্কিন ডলারের দিকেই ঝুঁকে পড়ছেন বিনিয়োগকারীরা।
ইউক্রেইন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে রাশিয়ার পাইপলাইন হয়ে ৪০ শতাংশের মতো গ্যাস সরবরাহ হতো। তবে এখন রাশিয়ার তেল এবং গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে ইইউ।
একইভাবে রাশিয়াও ইউরোপের বেশ কিছু দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে এবং জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম পাইপলাইনে গ্যাসের সরবরাহ ৬০ শতাংশ পর্যন্ত নামিয়ে এনেছে।
ইউরোপে গ্যাস আমদানির গুরুত্বপূর্ণ এই অবকাঠামোটি নিয়মিত রক্ষাণাবেক্ষণ কাজের অংশ হিসবে গত ১০ দিন ধরে বন্ধ রেখেছে রাশিয়া। জার্মান কর্মকর্তারা মনে করছেন, এটা আর চালু নাও হতে পারে।
অর্থনীতির গতি পড়ে আসার মধ্যে এমন জ্বালানি সংকট তৈরি হওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) যথেষ্ট কঠোর নীতি অবলম্বন করতে পারবে কি না তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
ইউরোপের ১৯ দেশের আর্থিক জোট- ইউরোজোনে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৬ শতাংশ হয়ে ওঠার মধ্যে ২০১১ সালের পর প্রথমবারের মতো এই মাসে সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসিবি।
কিন্তু অনেকেই মনে করছেন, পরিস্থিতি মোকাবেলায় ইসিবি অনেক পিছিয়ে আছে এবং অর্থনৈতিক পতন ঠেকানো প্রায় অসম্ভব। জ্বালানির দাম এবং সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলার কারণে আমদানি খরচ অনেকখানি বেড়ে যাওয়ার মধ্যে ১৯৯১ সালের পর জার্মানিতে প্রথমবারের মতো বিভিন্ন পণ্যের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে।
সম্প্রতি স্যাক্সো ব্যাংক ফরেইন এক্সচেঞ্জের নীতি নির্ধারকরা একটি নোটে লিখেছেন, “জার্মানির রপ্তানির গতি-প্রকৃতি বিবেচনায় ইউরোজোনের অর্থনীতিতে মন্থর গতির মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে বাণিজ্য ভারসাম্যে উল্লেখযোগ্য উন্নতি হওয়ার আশা করা কঠিন।”
কঠোর নীতি অবলম্বনে ইউরোপের তুলনায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম- ফেড। ইতোমধ্যে সুদহার ৭৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে এ মাসেই তা আরও বাড়ানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মন্দা দেখা দিলে মার্কিন ডলারের এমন ‘নিরাপদ স্বর্গ’ আরও চরম হয়ে উঠতে পারে বলে গত সপ্তাহে একটি নোটে লিখেছেন ডয়চে গ্লোবাল হেড অব এফএক্স রিসার্চ জর্জ সারাভেলোস।
তিনি সতর্ক করে জানিয়েছেন, এমন পরিস্থিতি হতে পারে যে, ইউরোর মান মার্কিন ডলারের নিচে নেমে শূন্য দশমিক ৯৫ থেকে শূন্য দশমিক ৯৭ ডলারে লেনদেন হচ্ছে।
তিনি লিখেছেন, “ফেড যখন সুদহার বাড়িয়ে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ উভয়েই তৃতীয় প্রান্তিকে নিজেদের (গভীর) মন্দায় পিছলে পড়ে যাওয়া অবস্থায় দেখতে পারে।”
আমেরিকানদের জন্য এই গ্রীষ্মে ইউরোপ সফরে যাওয়ার পরিকল্পনাটি সুখবর হলেও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তা দুঃসংবাদ হয়ে উঠতে পারে বলেও মনে করেন এই গবেষক।
