২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমান-বাংলাদেশ সম্পর্ক আরও ‘উচ্চতর’ হওয়ার আশা

ওমানের সঙ্গে শ্রমের অংশীদারত্ব ছাড়াও বেসরকারি খাতের সম্পৃক্ততা তৈরি হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ‘উচ্চতর পর্যায়ে’ উন্নীত হওয়ার আশাবাদ জানিয়েছে দুই দেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 09:56 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের ‘ফরেইন অফিস কনসালটেশন’ সভায় বাংলাদেশ থেকে দক্ষকর্মী নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক অন্যান্য সম্পর্ক আরও জোরদারের আলোচনা হয়।

সভায় ওমান প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলী ইসা আর হারথি বিভিন্ন খাতে যৌথভাবে কাজের সুযোগের কথা তুলে ধরেন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “শ্রমবিষয়ক সম্পর্কের বাইরে অন্যান্য সুযোগের দিকেও আমরা যেতে চাই। আমি মনে করি, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও মৎস্যসহ বিভিন্ন খাতে কাজ করার সুযোগ রয়েছে।”

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “আমাদের মধ্যে যে মিল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি।

“আমরা একমত হয়েছি- দুপক্ষ একীভূত হয়ে এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে যাবে।”

এসময় বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থানকে আরও মজবুত করার লক্ষ্যে জাতীয় কৌশলগত পরিকল্পনা ভিশন-২০৪১ এর মতো ওমানের ভিশন-২০৪০ নামে একটি লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, “শ্রম বিষয়ের বাইরেও সম্পর্ককে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি আগামী দিনগুলোতে সমন্বিত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেছি।”

এক প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন জানান, বাংলাদেশ থেকে ফল ও সবজি আমদানি এবং তৃতীয় কোনো দেশে যৌথভাবে কৃষিকাজের সুযোগ রয়েছে।

“এছাড়া ওমানের বন্দরকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ব্যবসা-বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারবে ঢাকা।”

ওমানে প্রবাসী বাংলাদেশিরা সম্মান ও মর্যাদার সঙ্গে কাজ করছেন জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, “ওই দেশ থেকে তাদের অভিযোগ কম এবং তাদের সঙ্গে সদয় আচরণ করা হয়।”

মধ্যপ্রাচ্যের ওই দেশটিতে বিদেশিকর্মীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বোচ্চ এবং এ সংখ্যা সাত লাখের বেশি বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটির) হিসাবে ১৯৯১ সাল থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ওমানে নারী কর্মী গেছেন ৯৯ হাজার ১১৩ জন।

বৈঠক শেষে পারস্পরিক ভিসা মওকুফে একটি চুক্তি সই হয়। এর ফলে কূটনৈতিক, অফিসিয়াল, বিশেষ ও সার্ভিস পাসপোর্টধারীরা নির্দিষ্ট সময়ের জন্য ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন।

ওমানের পক্ষে চুক্তিতে সই করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলী ইসা। বাংলাদেশের পক্ষে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব তরুণ কান্তি শিকদার।