ঋণের কিস্তি দিতে পারবে রাশিয়া? কী হবে যদি খেলাপি হয়?
ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর প্রথম বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের তারিখ এসেছে রাশিয়ার জন্য। বুধবার দুটি ডলার-নিয়ন্ত্রিত স্বার্বভৌম বন্ডের ওপর সুদ হিসেবে ১১ কোটি ৭০ লাখ ডলার পরিশোধ করার দিন নির্ধারিত রয়েছে।
প্রশ্ন দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ব্যাপক অবরোধের মধ্যে থেকে মস্কো আদৌ এই কিস্তি শোধ করতে পারবে কি না। না পারলে কী হবে তা জানার চেষ্টা করেছে রয়টার্স।
সোমবার রাশিয়ার অর্থমন্ত্রণালয় জানিয়েছে, ওই সুদের অর্থ পরিশোধের জন্য তারা এরইমধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ পাঠিয়েছে। তবে কূটনৈতিক অচলাবস্থা ও অর্থনৈতিক অবরোধের মধ্যে সেটা কীভাবে সম্ভব হবে, সেই প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
সন্দেহ জোরালো হচ্ছে, ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পর প্রথমবারের মত হয়ত ঋণ খেলাপি হতে চলেছে রাশিয়া।
রাশিয়ার দেনার পরিমাণ কত?
রাশিয়ার কাছে ১৫টি আন্তর্জাতিক বন্ড রয়েছে যেগুলোর অভিহিত মূল্যে দেনার পরিমাণ প্রায় ৪০০ কোটি ডলার, যার অর্ধেকই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে দেনা হিসেবে রয়েছে।
বুধবার সেরকমই দুটি বন্ডের কিস্তি দেওয়ার তারিখ। সুদ হিসেবে এ মাসেই আরও ৬১ কোটি ৫০ লাখ ডলারের দেনা শোধ করতে হবে মস্কোকে। আর ২০০ কোটি ডলারের একটি বন্ড ম্যাচিউর বা এর মেয়াদপূর্তি হবে ৪ এপ্রিল।
অবশ্য এসব বন্ড মিশ্র শর্ত ও চুক্তির আওতায় বাজারে ছাড়া হয়। যেসব বন্ড ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণের পর আরোপিত অবরোধের মধ্যে বাজারে ছাড়া হয়েছিল, সেগুলোতে বিকল্প মুদ্রায় অর্থ পরিশোধের বিধান রাখা হয়।
ছবি: রয়টার্স
আর্থিক বাজারের রেটিংদাতা সংস্থা ফিচ রেটিংস মঙ্গলবার জানিয়েছে, এই সুদ যদি রুবলে পরিশোধ করা হয়, এটা একটি স্বার্বভৌম খেলাপি কিস্তি হিসেবে বিবেচিত হবে যদি ৩০ দিনের অন্তর্বর্তী সময়ের মধ্যে তা ঠিক করা না হয়।
এ বিষয়ে সিটি সি.এন-এর বক্তব্য জানতে পারেনি রয়টার্স।
মস্কো কি দেনা শোধ করবে?
পশ্চিমা অবরোধ রাশিয়ার অর্থনীতিকে দারুণভাবে দুর্বল করেছে, বিশেষ করে তাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের একটি বড় অংশ জব্দ হয়ে আছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রাথমিকভাবে তাদের নিয়ন্ত্রণে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাতছাড়া করার দ্বিধা।
রাশিয়ার প্রেসিডেন্টের একটি আদেশে ৫ মার্চ ঘোষণা করা হয়, রাশিয়ার দেনাদারেরা তাদের বৈদেশিক পাওনাদারদেরকে রুবলে দেনা পরিশোধ করতে পারবে এবং তাদের তহবিল জাতীয় কোষাগারে একটি ‘টাইপ সি’ অ্যাকাউন্টে জমা করার মাধ্যমে এটা করা যাবে। যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ওই আদেশের ব্যতিক্রম করার ক্ষমতা রাখে।
পরের বিবৃতিগুলো ধীরে ধীরে অর্থ পরিশোধে নগদ মুদ্রার ব্যবহারকে শিথিল করেছে। সোমবার রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈদেশিক মুদ্রায় লেনদেন করার জন্য তারা একটি সাময়িক প্রক্রিয়া অনুমোদন করেছে এবং রাশিয়া তার দেনা ‘নির্ধারিত সময়ে এবং পুরোপুরি’ পরিশোধ করতে পারবে।
তবে যদি বিদেশি ব্যাংকগুলো ওই লেনদেন বাস্তবায়নে ব্যর্থ হয়, সেক্ষেত্রে রাশিয়া ওই তহবিল তুলে নিতে পারবে এবং তাদের জাতীয় কোষাগারে রুবলের মাধ্যমে তা পরিশোধ করবে।
বিনিয়োগকারীরা কি তাদের অর্থ হাতে পাবেন?
দুই পক্ষেই অবরোধ আরোপ করার অর্থ দাড়াচ্ছে শুধু রাশিয়ার জন্যই তহবিল স্থানান্তর আরও জটিল হয়ে যায়নি, বরং একইসঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্যও ওই অর্থ গ্রহণ করা জটিল হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএঅএসি) ২ মার্চ একটি আদেশ জারি করে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকরা রাশিয়ার অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক বা জাতীয় সম্পদ তহবিলের ‘দেনা বা সম্পদের বিপরীতে সুদ, লাভ, বা ম্যাচুরিটি অর্জনের প্রাপ্য’ অর্থ গ্রহণের সুযোগ পাবেন।
তবে ওই ছাড় কেবল ২৫ মে পর্যন্ত। অথচ রাশিয়ার প্রায় ২০০ কোটি ডলারের বৈদেশিক স্বার্বভৌম বন্ডের অর্থ পরিশেধের সময়সীমা এ বছরের শেষ পর্যন্ত তা বিস্তৃত।
রাশিয়ার ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা কতটা?
রাশিয়া ঋণ খেলাপি হতে পারে- এ সম্ভাবনা গত ফেব্রুয়ারিতেও কারও মাথায় আসেনি। তাদের লেনদেন চিত্র সবসময় ভালো অবস্থাতেই ছিল।
কঠোর অবরোধ সব ওলট-পালট করে দিয়েছে এবং বন্ডগুলোরও ব্যাপক দরপতন হয়েছে। কয়েকটির দর তাদের অভিহিত মূল্যের এক দশমাংশে নেমে গেছে।
বেশিরভাগ ঋণের কিস্তি বা সুদের জন্য রাশিয়া সময়সীমা পার হওয়ার পর ৩০ দিনের অন্তর্বর্তী সময় পাবে তা পরিশোধের জন্য। আবার কয়েকটির ক্ষেত্রে এই সময় মাত্র ১৫ দিন। বুধবারের নির্ধারিত সুদ রাশিয়াকে ডলারেই পরিশোধ করতে হবে।
বিশ্লেষকদের মতে, এটা পুরোপুরি শোধ করতে না পারা বা অন্য কোনো মুদ্রায় তা পরিশোধ করা হলে অন্তর্বর্তী সময় শেষ হওয়ার পর রাশিয়া খেলাপি হিসেবে চিহ্নিত হবে।
খেলাপি হওয়ার পরিনতি কী হবে?
যেসব দেশ খেলাপি হয়, আন্তর্জাতিক পুঁজিবাজারে তাদের প্রবেশাধিকার রহিত হয়, যদিও বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া এমনিতেই আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে।
তারপরেও, একবার খেলাপি হলে এর পরিণতি আরও অনেক দূর গড়াতে পারে।
এর ফলে বিনিয়োগকারীরা ক্রেডিট ডিফল্ট সোয়াপস (সিডিএস) নিয়মের দ্বারস্থ হতে পারেন। অর্থাৎ, সেসব বন্ডের বিপরীতে বীমা করা থাকলে বিনিয়োগকারীরা এখন সেখান থেকে টাকা চাইতে পারেন। ইনভেস্টমেন্ট ব্যাংক জেপি মরগানের হিসাবে এরকম বীমা দাবির পরিমাণ দাঁড়াতে পারে ৬ বিলিয়ন ডলার।
শুধু আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনাকারীরাই রাশিয়ার বৈদেশিক ঋণের সঙ্গে যুক্ত নয়, অনের রুশ বিনিয়োগকারীও পশ্চিমা ব্যাংকের মাধ্যমে ওই বন্ড কিনেছেন বলে জানিয়েছেন সেন্ট্রোক্রেডিট ব্যাংকের রাশিয়া-ভিত্তিক অর্থনীতিবিদ এভগেনি সুভোরভ।
তিনি বলেন, “একটা বড় গুঞ্জন রয়েছে যে বৈদেশিক স্বার্বভৌম বন্ডের মূল ক্রেতাদের বেশিরভাগই রুশ বিনিয়োগকারী।”
যেহেতু এই বন্ডগুলো রাশিয়ার ব্যাংকগুলোরও মূলধনের একটি অংশের যোগান দিচ্ছে, তাই ওইসব ব্যাংকও ঝামেলায় পড়তে পারে।
মস্কো খেলাপি হলে রাশিয়ার করপোরেট মহলও ভুগতে পারে, যেহেতু তারা আন্তর্জাতিক পুঁজিবাজার থেকেই তাদের বিনিয়োগ সংগ্রহ করে থাকেন, যার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি ডলার।
